পুবের কলম, ওয়েবডেস্ক: শান্তিনিকেতনে ডিউটি করতে গিয়ে দুষ্কৃতীর গুলিতে আহত কনস্টেবল বিশ্বজিৎ দাসকাণ্ডে নতুন মোড়। বোলপুরের লায়েক বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পুলিশি অভিযানে গুলিবিদ্ধ হয়ে মারা গেল এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত রতন শেখ। পুলিশের এনকাউন্টারে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত রতন শেখ বীরভূমের নানুর থানার সাওঁতা গ্রামের বাসিন্দা।

তার বিরুদ্ধে এর আগেও একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। মাসকয়েক আগে একটি মামলায় তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, তবে দুর্গাপুজোর সময় সে জামিনে মুক্তি পায়।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় জামিন পেয়ে বাইরে থাকা দুষ্কৃতী রতন শেখের লুকিয়ে থাকার খবর পেয়ে তাকে ধরতে বিশেষ অভিযান চালায় শান্তিনিকেতন থানা ও জেলা পুলিশের একটি দল। বোলপুরের লায়েক বাজার বাসস্ট্যান্ডের কাছে তাকে ঘিরে ফেললে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
গ্রেপ্তার এড়াতে রতন আচমকাই পুলিশের ওপর চড়াও হয় এবং শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎ দাসের ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে কনস্টেবল বিশ্বজিৎ দাস গুরুতর জখম হন। ঘটনার পরই সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় রতন। এরপর থেকেই গত দু’দিন ধরে বীরভূম জেলা জুড়ে শুরু হয় তার ব্যাপক তল্লাশি। শেষ পর্যন্ত পুলিশি অভিযানেই এনকাউন্টারের মুখে পড়ে সে নিহত হয়।