দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান হতে চলেছে রোহিঙ্গাদের। মায়ানমারের রাখাইন প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার রায় ঘোষণা করতে চলেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আগামী ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের হেগে এই রায় ঘোষণা করা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বিচারব্যবস্থার ইতিহাসে এই রায় বিশেষ গুরুত্ব বহন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুন:
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মায়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি দায়ের করে। গাম্বিয়ার অভিযোগ, রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে মায়ানমারের সেনাবাহিনী পরিকল্পিতভাবে হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো অপরাধ সংঘটিত করেছে।
আরও পড়ুন:
এর আগে ২০১৭ সালে মায়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ব্যাপক সামরিক অভিযানের জেরে প্রাণ বাঁচাতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। দীর্ঘদিন ধরেই নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত এই জনগোষ্ঠীকে নানা ধরনের বৈষম্য ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে।
আরও পড়ুন:
গত সাত বছর ধরে মামলার অভিযোগ, সাক্ষ্যপ্রমাণ ও বিভিন্ন তথ্য পর্যালোচনা করেছেন আন্তর্জাতিক বিচার আদালতের বিচারকেরা। গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অপরাধের পিছনে নির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না। অর্থাৎ কোনও জাতিগত, জাতীয়, বর্ণগত বা ধর্মীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ কিংবা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায় নিয়ে অপরাধ সংঘটিত হয়েছিল কি না, তা আদালতে প্রতিষ্ঠা করতে হবে।
আরও পড়ুন:
মায়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের প্রতিনিধিত্বকারী সংগঠন লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা আন্তোনিয়া মুলভি জানিয়েছেন, মামলার ফলাফল নিয়ে তিনি সতর্ক আশাবাদী।
তাঁর মতে, রোহিঙ্গা গ্রামগুলিতে ধারাবাহিক হামলা, নির্বিচারে হত্যা, অগ্নিসংযোগ, নারী-পুরুষকে আলাদা করা এবং যৌন সহিংসতার ঘটনা গণহত্যার উদ্দেশ্য প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।আরও পড়ুন:
বিশেষজ্ঞদের মতে, ধর্ষণ ও যৌন নির্যাতনকে গণহত্যার অপরাধের অংশ হিসেবে বিবেচনার বিষয়টিও এই মামলার রায়ে বিশেষ গুরুত্ব পেতে পারে। গত জানুয়ারিতে বাংলাদেশ থেকে যাওয়া কয়েকজন রোহিঙ্গা শরণার্থী হেগে আদালতের রুদ্ধদ্বার শুনানিতে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাঁদের সাক্ষ্যেও উঠে আসে সেনা অভিযানের সময় ভয়াবহ নির্যাতন ও পরিবারের সদস্যদের হত্যার অভিযোগ।
আরও পড়ুন:
অন্যদিকে, মায়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির দাবি, ২০১৭ সালে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার পর বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হয়েছিল।
আরও পড়ুন:
এই মামলার প্রভাব শুধু মায়ানমারেই সীমাবদ্ধ থাকবে না বলে মনে করছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা। গাজায় ইজরায়েলের সামরিক অভিযান নিয়ে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলার ক্ষেত্রেও এই রায়ের আইনি গুরুত্ব থাকতে পারে। উল্লেখ্য, আন্তর্জাতিক বিচার আদালত এখনও পর্যন্ত কোনও রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী ঘোষণা করেনি।
আরও পড়ুন:
বর্তমানে বাংলাদেশে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন। অন্যদিকে, মায়ানমারে রয়েছেন ছয় লাখেরও কম রোহিঙ্গা। দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত ও অধিকারবঞ্চিত এই জনগোষ্ঠীর কাছে ১৯ নভেম্বরের রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁদের প্রত্যাশা, এই রায় ন্যায়বিচার প্রতিষ্ঠা, নাগরিক অধিকার ফিরে পাওয়া এবং নিরাপদে মাতৃভূমিতে ফেরার পথ প্রশস্ত করবে।