পুবের কলম ওয়েব ডেস্ক: উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দলের অন্দরের বিবাদের জেরে এক সক্রিয় বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ উঠল। মৃতের নাম অরূপ সাহা। তাঁর স্ত্রী রুমা সাহা বিজেপির পানিহাটি-১ মণ্ডলের সম্পাদক। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি বাজারে দলেরই কয়েকজন কর্মীর বচসা মেটাতে গিয়েছিলেন রুমা।

এরপর রাতে ফের গন্ডগোলের খবর পেয়ে স্বামী অরূপকে নিয়ে ঘটনাস্থলে যান তিনি। রুমার অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে গেলে দলেরই কয়েকজন 'নব্য' কর্মী তাঁকে গালিগালাজ করে এবং তাঁর দিকে তেড়ে আসে। স্ত্রীকে বাঁচাতে গেলে রাজা তহশিলদার, সুরজিৎ বিশ্বাস-সহ কয়েকজন যুবক অরূপের বুকে সজোরে ধাক্কা মারে। ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে রাতে তাঁকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনার পর শোকস্তব্ধ পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্থানীয় বিধায়ক রত্না দেবনাথ। আর জি কর কাণ্ডে মৃতার মা তথা এই বিজেপি বিধায়ক মৃত কর্মীর সন্তানদের দেখে আক্ষেপের সুরে বলেন, "আমার মনে হচ্ছে, বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় না আসত, তাহলেই বোধহয় ভালো হত।" দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি জানান, ভোটের পর তৃণমূল থেকে আসা লোকজনই বিজেপিতে ঢুকে এই ধরনের অরাজকতা তৈরি করছে।
এই অশান্তির জন্য দলের কলকাতা উত্তর শহরতলির জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের সঙ্গে সমন্বয়ের অভাবকেও দায়ী করেছেন তিনি। পাশাপাশি, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ জেল থেকে ছাড়া পাওয়ার পর এলাকায় ফের সন্ত্রাসের পরিবেশ তৈরি হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রত্না। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।
বিধায়কের এই মন্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু জানিয়েছেন, সন্তানহারা এক মায়ের আবেগের জায়গা থেকেই রত্না দেবী এমন কথা বলেছেন। পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে, দল কাউকে আড়াল করবে না। অন্যদিকে, ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচীও পানিহাটির ঘটনার সঙ্গে নিজের এলাকার তুলনা টেনে অভিযোগ করেছেন যে, তৃণমূলের দুষ্কৃতীরাই গেরুয়া পোশাক পরে দলে ঢুকে বিশৃঙ্খলা ছড়াচ্ছে এবং দলেরই কিছু নেতা তাদের মদত দিচ্ছে। তবে পানিহাটিতে দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় রবিবার রাত পর্যন্ত পুলিশের তরফ থেকে সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি।