উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সুন্দরবনের নদী, নদীবাঁধ, প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের জীবন-জীবিকা রক্ষার দাবিতে জয়নগরে অনুষ্ঠিত হল ‘সুন্দরবন বাঁচাও’ বিষয়ক কনভেনশন। রবিবার বিকেলে জয়নগরের শান্তি সংঘের লাইব্রেরি হলে আয়োজিত এই কনভেনশন থেকে সুন্দরবনের ক্রমবর্ধমান পরিবেশগত সংকট মোকাবিলায় বৃহত্তর জনমত গড়ে তোলা এবং ধারাবাহিক গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
কনভেনশনে উপস্থিত মৎস্যবিজ্ঞানী, গবেষক, ভূতত্ত্ববিদ, প্রত্নতত্ত্ববিদ ও পরিবেশপ্রেমীরা সুন্দরবনের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁদের উদ্বেগের কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্যে উঠে আসে নদীভাঙন, দুর্বল নদীবাঁধ, জলবায়ু পরিবর্তন, ম্যানগ্রোভ অরণ্যের সংকট এবং সুন্দরবনের মানুষের জীবন-জীবিকার অনিশ্চয়তার বিষয়গুলি।
এদিন বক্তব্য রাখেন মৎস্যবিজ্ঞানী এম এ হাসান, গবেষক কানাইলাল দাস, ভূতত্ত্ববিদ ডঃ অদিতি দাস, প্রত্নতত্ত্ববিদ বিশ্বজিৎ সাহু, ‘শুধু সুন্দরবন চর্চা’র সম্পাদক জ্যোতিরিন্দ্র লাহিড়ী, কনভেনশনের আহ্বায়ক অজয় বাইন, সুজিত পাত্র-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
কনভেনশনের আহ্বায়ক অজয় বাইন বলেন, “সুন্দরবনের সংকট আজ আর শুধু সুন্দরবনের মানুষের সমস্যা নয়, এটি সমগ্র সমাজের উদ্বেগের বিষয়। নদীভাঙন ও বাঁধ ভেঙে মানুষের ঘরবাড়ি, জমি ও জীবিকা বিপন্ন হচ্ছে। অথচ এই সংকটের স্থায়ী সমাধানের পরিবর্তে বিচ্ছিন্ন ও সাময়িক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সুন্দরবনকে বাঁচাতে হলে এখানকার মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এই দাবিতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।”অন্য আহ্বায়ক সুজিত পাত্র বলেন, “সুন্দরবনের উন্নয়নের নামে যদি প্রকৃতির সংবেদনশীল ভারসাম্য নষ্ট করে কর্পোরেট পর্যটন ও মুনাফার নতুন ক্ষেত্র তৈরি করা হয়, তাহলে তা সুন্দরবনের মানুষের প্রকৃত উন্নয়ন হবে না। সুন্দরবনের নদী, অরণ্য ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি মৎস্যজীবী, মৌয়াল, বাওয়ালি এবং দ্বীপাঞ্চলের সাধারণ মানুষের জীবন জীবিকার অধিকার সুনিশ্চিত করতে হবে। সুন্দরবনকে বাঁচানোর লড়াই আসলে সুন্দরবনের মানুষ ও প্রকৃতিকে বাঁচানোর লড়াই। এই লড়াইকে বৃহত্তর সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।”
এদিনের কনভেনশনে সুন্দরবনের নদী ও নদীবাঁধ সমস্যার স্থায়ী সমাধান, মৎস্যজীবী ও বনজীবীদের জীবন-জীবিকার অধিকার সুরক্ষা, পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি উন্নয়নের নামে অপরিকল্পিত বাণিজ্যিক প্রকল্পের বিরুদ্ধে জনমত গড়ে তোলার দাবি ওঠে। সুন্দরবনের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় মানুষ, বিজ্ঞানী, গবেষক ও পরিবেশ বিশেষজ্ঞদের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়।
সব মিলিয়ে সুন্দরবনের অস্তিত্ব রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার দাবিতে বৃহত্তর গণসংযোগ ও ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয় এই কনভেনশন থেকে। এদিনের অনুষ্ঠানে বহু সুন্দরবনপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।