পুবের কলম, ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভূরাজনৈতিক সংঘাত এমন এক জটিল পর্যায়ে এসে পৌঁছেছে, যাকে আন্তর্জাতিক বিশ্লেষকেরা ‘যুদ্ধও নেই, শান্তিও নেই’ বলে অভিহিত করছেন। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে কোনো চুক্তির প্রয়োজন নেই। শুক্রবার ভোরে বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর একটি আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থায় ইরানের পক্ষ থেকে হামলার দাবি করার মাত্র কয়েক ঘণ্টা আগে এই মন্তব্য করেন ট্রাম্প।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প জানান, তিনি মধ্যস্থতাকারী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নির্দেশ দিয়েছেন তিনি যেন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহর ও অঙ্গরাজ্যগুলোতে চলা ব্যাপক দুর্নীতি ও অপরাধ দমনের দিকেই পুরোপুরি মনোযোগ দেন।

ট্রাম্পের সাফ কথা, "ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির দরকার নেই। সেই দিন অনেক আগেই পার হয়ে গেছে। আমরা তাদের শত শত বিলিয়ন ডলার এবং তাদের প্রণালি (হরমুজ প্রণালি) নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছি।"

উল্লেখ্য, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরান ও ইজরায়েলের মধ্যকার সামরিক সংঘাত এবং হামলার একজন পরিচিত সমালোচক হিসেবে পরিচিত।

কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হারের পেছনে ট্রাম্পের সামরিক পদক্ষেপ এবং এর জেরে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট ও মূল্যস্ফীতিকে দায়ী করেছেন ভ্যান্স। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের রেকর্ড পরিমাণ নিম্নমুখী জনপ্রিয়তার মাঝে তাঁর ইরান নীতি থেকে নিজেদের দূরত্ব বজায় রাখাই ভ্যান্সের এই কৌশলের মূল উদ্দেশ্য। গত জুন মাসে ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনে ট্রাম্প প্রকাশ্যে সাংবাদিকদের বলেছিলেন, "যদি চুক্তি সফল হয়, তবে এর কৃতিত্ব আমি নেব। আর যদি ব্যর্থ হয়, তবে ভ্যান্সকে দায়ী করব। তোমার সতর্ক থাকা উচিত, জেডি।"