পুবের কলম ওয়েব ডেস্ক: পাকিস্তানের অন্যতম ঘনিষ্ঠ ‘বন্ধুরাষ্ট্র’ তুরস্কের সঙ্গে এবার কৌশলগত ও সামরিক সম্পর্ক আরও মজবুত করতে চলেছে বাংলাদেশ। সম্প্রতি তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত কপ-৩১ সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উচ্চপর্যায়ের বৈঠকে মূলত দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ঢাকা জানিয়েছে, তুরস্কের সঙ্গে তাদের সম্পর্ক এখন এক ‘নতুন উচ্চতায়’ পৌঁছেছে এবং শীর্ষ রাজনৈতিক স্তরেও দুই দেশের বোঝাপড়া অত্যন্ত সুদৃঢ়।
রবিবার বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি জানান, বাংলাদেশ ও তুরস্ক বর্তমানে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ, শিল্পক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং রোহিঙ্গা সমস্যা সমাধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে একসঙ্গে কাজ করার পথে এগোচ্ছে।
কূটনৈতিক ও সামরিক মহলের কাছে এই নৈকট্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, আন্তর্জাতিক মঞ্চে তুরস্ক বরাবরই পাকিস্তানের বড় সহযোগী। ত্রিদেশীয় প্রতিরক্ষা জোট ‘ইসলামীয় নেটো’ বা মক্কা প্রতিরক্ষা চুক্তির অন্যতম দুই সদস্য হল পাকিস্তান ও তুরস্ক। এমনকি ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানকে সরাসরি ড্রোন ও রকেট সরবরাহ করে সামরিক সাহায্য করেছিল এরদোয়ানের দেশ।
উল্লেখ্য, এর আগে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে এই ‘ইসলামীয় নেটো’-তে যুক্ত হতে আগ্রহী ছিল বাংলাদেশ। সেই লক্ষ্যে তুরস্কের সঙ্গে আলোচনাও শুরু করেছিল ঢাকা। কিন্তু সেসময় পাকিস্তান এই সামরিক জোট সম্প্রসারণে নারাজ থাকায় বাংলাদেশের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তানের সেই মিত্ররাষ্ট্র তুরস্কের সঙ্গেই হাত মিলিয়ে নিজেদের প্রতিরক্ষা পরিকাঠামো সমৃদ্ধ করতে চাইছে ঢাকা, যা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক নতুন মাত্রার ইঙ্গিত দিচ্ছে।