এসআইআর-এর খসড়া ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য নতুন করে আবেদন করার সুযোগ দিতে চলেছে নির্বাচন কমিশন। ইনিউমারেশন ফর্ম (Enumeration Form) জমা না দেওয়ার কারণে যাঁদের নাম খসড়া তালিকায় স্থান পায়নি, তাঁরা ফের ওই ফর্ম জমা দিতে পারবেন। শনিবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কমিশন। দিল্লি-সহ বর্তমানে যে সাতটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে, সেখানকার বাদ পড়া ভোটাররাই এই সুবিধা পাবেন।

কমিশনের হলফনামায় জানানো হয়েছে, ইনিউমারেশন ফর্ম জমা দিতে না পারা ভোটাররা ফের ফর্ম জমা দেওয়ার পাশাপাশি ফর্ম ৬-এর মাধ্যমেও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন।

এ জন্য তাঁদের কোনও আইনি জটিলতার মুখে পড়তে হবে না। ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও), অ্যাসিস্ট্যান্ট ইআরও, বুথ লেভেল অফিসার (বিএলও)-এর কাছে সরাসরি অথবা অনলাইনে ইসিআইনেট পোর্টালের মাধ্যমে ফর্ম জমা দেওয়া যাবে। ভোটার নিজে কিংবা পরিবারের কোনও সদস্যও এই ফর্ম জমা দিতে পারবেন।

তবে এ ক্ষেত্রে কিছু শর্তও রাখা হয়েছে। ভোটাররা ফর্মে তাঁদের বর্তমান ঠিকানা উল্লেখ করতে পারবেন।

ঠিকানার কোনও পরিবর্তন না হলে ফর্মের সঙ্গে অ্যানেক্সচার-বি নামে একটি ঘোষণাপত্র জমা দিতে হবে। সেখানে আগে কেন ইনিউমারেশন ফর্ম জমা দেওয়া সম্ভব হয়নি, তার কারণ ব্যাখ্যা করতে হবে।

উল্লেখ্য, দিল্লির এসআইআর সংক্রান্ত একটি মামলার শুনানিতে অক্টোবরের শেষদিকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। আদালত জানতে চেয়েছিল, খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে কেন ফর্ম ৬ ব্যবহার করা হচ্ছে, যেখানে এই ফর্ম মূলত নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য। অভিযোগ উঠেছিল, দিল্লির বহু ভোটারের কাছে ইনিউমারেশন ফর্ম পৌঁছয়নি।

ফলে তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম জমা দিতে পারেননি।

এই পরিস্থিতিতে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে অযথা কোনও কাট-অফ ডেট চাপিয়ে দেওয়া উচিত নয়। যাঁরা কোনও কারণে ইনিউমারেশন ফর্ম জমা দিতে পারেননি, তাঁদের জন্য সহজ ও কার্যকর বিকল্প ব্যবস্থা তৈরি করার নির্দেশও দেয় আদালত।

সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই কমিশন নতুন করে ফর্ম জমা দেওয়ার সুযোগ দেওয়ার কথা জানাল। হলফনামায় কমিশন আরও উল্লেখ করেছে, সমস্ত যোগ্য ভোটারের নাম যাতে ভোটার তালিকায় থাকে, তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন অসংগতি দূর করার চেষ্টাও চলছে।