পুবের কলম ওয়েব ডেস্ক: প্রায় তিন বছর ধরে কারাবন্দী পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ৭৪ বছর বয়সি এই নেতার আশঙ্কা, তিনি হয়তো আর জেলের বাইরে আসতে পারবেন না; জেলের অন্ধকারেই তাঁর জীবনের শেষ দিনগুলো কাটবে। সম্প্রতি পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের উদ্দেশে লেখা একটি চিঠিতে তিনি নিজের এই আশঙ্কার কথা জানিয়েছেন। তাঁর আইনজীবী সলমন সাফদার সোশ্যাল মিডিয়ায় চিঠিটি প্রকাশ্যে এনেছেন।
চিঠিতে ইমরান খান তাঁর বর্তমান শারীরিক ও মানসিক অবস্থার কথা বিস্তারিত জানিয়েছেন। তিনি লিখেছেন, "আমার বয়স এখন ৭৪ বছর। বর্তমানে আমি যে নির্মম পরিস্থিতির মধ্যে রয়েছি, সেখান থেকে আর বেঁচে ফিরব বলে মনে হয় না।" তিনি আরও জানান, তাঁকে একা একটি সেলে বন্দি রাখা হয়েছে। দিনে ২২ ঘণ্টা তাঁকে একাই কাটাতে হচ্ছে, বাইরের কারও মুখ পর্যন্ত দেখতে পান না। তিনি আক্ষেপ করে বলেন, সারা জীবন তিনি পাকিস্তানের ক্রিকেট ও সমাজকল্যাণের জন্য কাজ করেছেন, অথচ আজ তাঁকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
শারীরিক অসুস্থতার কথাও চিঠিতে তুলে ধরেছেন ইমরান। তিনি জানিয়েছেন, তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় ৮৫ শতাংশ হারিয়ে গেছে। রক্তচাপ মারাত্মকভাবে বেড়ে ১৯৩-এ পৌঁছেছে। চিকিৎসকরা আশঙ্কা করছেন, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে বা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তিনি আরও বলেন, "সারাজীবন চেষ্টা করেছি হাসপাতাল তৈরির জন্য, যাতে সকলে বিনামূল্যে চিকিৎসা পায়। আর আজ আমি আর্জি জানাচ্ছি, আমার এবং আমার স্ত্রীর যেন সঠিক চিকিৎসা হয়।"
এর আগে গত আগস্ট মাসে এক পাকিস্তানি সাংবাদিক দাবি করেছিলেন যে, ইমরান খান হয়তো আর বেঁচে নেই। সেই মন্তব্য নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল। তবে এবার স্বয়ং ইমরান খান নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করায় তাঁর শারীরিক অবস্থা ও যথাযথ চিকিৎসা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।