পুবের কলম, ওয়েবডেস্ক: অযোধ্যার রাম মন্দিরের দান ও মানত সংগ্রহে অনিয়মের অভিযোগে এবার শাসক দল বিজেপির বিরুদ্ধে আক্রমণ করল প্রধান বিরোধী দল কংগ্রেস। সোমবার কংগ্রেসের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে, এই দুর্নীতির সমগ্র ঘটনাটি খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের সরাসরি তত্ত্বাবধানে একটি নতুন এবং সম্পূর্ণ স্বাধীন বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করতে হবে। একই সঙ্গে দুটি এসআইটি-র কার্যপ্রণালীতে অসঙ্গতি এবং রাম মন্দির ট্রাস্টের কাছে তদন্তের গোপন প্রতিবেদন ফাঁস হওয়া নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে কংগ্রেস।

এক্স-এ কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকারকে তীব্র কটাক্ষ করে অভিযোগ করেছেন যে, বিজেপি, আরএসএস এবং ভিএইচপি-র সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যক্তিদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে সরকার।

তাঁর দাবি, সাম্প্রতিক তথ্যফাঁস এই তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ তদন্ত প্রক্রিয়া ঘিরে একাধিক প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, রাজ্য সরকার গত ২০ জুলাই সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে প্রথম এসআইটি কোনো আনুষ্ঠানিক তদন্ত চালাচ্ছে না। তা সত্ত্বেও গত ৪ আগস্ট উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কীভাবে এসআইটি-র প্রাথমিক তদন্তের কথা উল্লেখ করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।

গত ৬ জুলাই কোন রিপোর্টের ভিত্তিতে রাম মন্দির ট্রাস্ট তাদের সাধারণ সম্পাদক চম্পত রাইকে ‘ক্লিনচিট’ দিল, তার আইনি ভিত্তি স্পষ্ট করার দাবি জানিয়েছে কংগ্রেস। হাত শিবিরের দাবি, সুপ্রিম কোর্টের গত ১৭ আগস্টের নির্দেশ অনুযায়ী, এসআইটি এবং একজন ফরেন্সিক অডিটরের যৌথভাবে ট্রাস্টের আর্থিক কারবার তদন্ত করার কথা ছিল। আদালত নির্দেশ দিয়েছিল যে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট যেন সিলবন্ধ খামে সরাসরি সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়। কিন্তু আদালতের সেই নির্দেশ উপেক্ষা করে কীভাবে এসআইটি-র রিপোর্ট ট্রাস্টের হাতে তুলে দেওয়া হলো, তা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে কংগ্রেস।