পুবের কলম ওয়েবডেস্ক, গানের কথায় আপত্তি, অনুষ্ঠান ঘিরে বোমা হামলার হুমকি, এমনকি চারটি গান গাওয়ার উপর নিষেধাজ্ঞা। বিতর্কের আবহেই মঞ্চে উঠে নিজের অবস্থান বুঝিয়ে দিলেন পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ। রবিবার, ১৫ নভেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে কনসার্টে কবি রাহাত ইন্দোরির বিখ্যাত পঙ্ক্তি উদ্ধৃত করে তাঁর বার্তা, ‘কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়’। অর্থাৎ, হিন্দুস্তান কারও বাপের সম্পত্তি নয়।
আরও পড়ুন:
দিলজিতের ‘আউরা ইন্ডিয়া ট্যুর’-এর ইন্দোরের অনুষ্ঠানের আগে স্থানীয় প্রশাসন আয়োজকদের তাঁর চারটি গান পরিবেশন না করার নির্দেশ দিয়েছিল।
শুধু তা-ই নয়, অনুষ্ঠান ঘিরে বোমা হামলার হুমকি এবং কনসার্ট বাতিল হওয়ার গুজবও ছড়িয়েছিল।আরও পড়ুন:
এই পরিস্থিতিতেই মঞ্চ থেকে দর্শকদের উদ্দেশে গান নিয়ে নিষেধাজ্ঞার প্রসঙ্গ তোলেন দিলজিৎ। তার পরেই রাহাত ইন্দোরির কবিতার আশ্রয় নেন তিনি। তাঁর এই উদ্ধৃতি কেবল একটি গানের অনুষ্ঠান ঘিরে বিতর্কের জবাব নয়, বরং দেশ ও সংস্কৃতির উপর কারও একচ্ছত্র অধিকার থাকতে পারে কি না, সেই প্রশ্নও সামনে নিয়ে এসেছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, রাহাত ইন্দোরির এই পঙ্ক্তি বহু বছর ধরেই স্বাধীনতা, সমান অধিকার এবং সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে পরিচিত। গানের মঞ্চে সেই কবিতাই তুলে ধরে দিলজিৎ বুঝিয়ে দিলেন, শিল্পীর কণ্ঠকে নিষেধাজ্ঞা দিয়ে থামানোর চেষ্টা সহজ নয়।