পুবের কলম ওয়েবডেস্ক, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের কৌশলগত প্রভাব বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে ফিলিপিন্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাতে তাঁর ম্যানিলায় পৌঁছনোর কথা। ১৭ নভেম্বর সেখানে ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ২১তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। পাশাপাশি ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।

ভারতের বিদেশনীতি ‘অ্যাক্ট ইস্ট’ নীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আসিয়ানভুক্ত দেশগুলির সঙ্গে সম্পর্ক।

এ বারের সম্মেলনে সামুদ্রিক নিরাপত্তা বিশেষ গুরুত্ব পেতে চলেছে। ২০২৬ সালকে ভারত ও আসিয়ান যৌথ ভাবে ‘সামুদ্রিক সহযোগিতার বছর’ হিসেবে পালন করছে। সমুদ্রপথে বাণিজ্যের নিরাপত্তা, নৌ-সহযোগিতা এবং সামুদ্রিক অর্থনীতি নিয়ে আলোচনা হওয়ার কথা।

বিদেশ মন্ত্রকের পূর্ব এশিয়া বিভাগের সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সামুদ্রিক অঞ্চল পরস্পরের সঙ্গে যুক্ত। তাই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা জরুরি।

বাণিজ্যও আলোচনার অন্যতম বিষয়। বর্তমানে ভারত ও আসিয়ানের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১২২ বিলিয়ন ডলার। পণ্য বাণিজ্য চুক্তির পর্যালোচনা দ্রুত শেষ করতে চাইছে নয়াদিল্লি।

এ দিকে, ম্যানিলায় চার দেশের জোট কোয়াডের বৈঠকের সম্ভাবনাও রয়েছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের উপস্থিত থাকার কথা। তবে বৈঠক নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।