পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপির নিচুতলার একাংশের বিরুদ্ধে তোলাবাজি ও দখলদারির অভিযোগ উঠছে। সম্প্রতি পানিহাটিতে এক ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। চাঞ্চল্যকরভাবে এই ঘটনায় অভিযোগের তির দলেরই এক যুব মোর্চা নেতার দিকে। এই পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের কড়া ভাষায় সতর্ক করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পাশাপাশি, রাজ্যে জোরপূর্বক ধর্মান্তকরণ এবং গৈরিক বস্ত্রের অবমাননা নিয়েও চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


নিউ আলিপুরের ট্রায়াঙ্গুলার পার্কে ভগবান বিরসা মুন্ডার ১৫১তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই বার্তা দেন শমীক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের দুই বিধায়ক সৌরভ শিকদার এবং শঙ্কর শিকদার। ওই মঞ্চ থেকেই দলের কর্মীদের উদ্দেশে রাজ্য সভাপতি বলেন, মানুষের ভোটে জিতেই দল আজ এই জায়গায় পৌঁছেছে। তাই মানুষই শেষ কথা। দলের মধ্যে কোনও বিচ্যুতি এলে সাধারণ মানুষ তা ঠিকই দেখতে পাবে।
তিনি নেতা-কর্মীদের সংযত ও নমনীয় হওয়ার পরামর্শ দিয়ে জানান, কথায় কথায় থানায় যাওয়ার প্রয়োজন নেই, তার চেয়ে মানুষের কাছে বেশি করে যেতে হবে। সমাজ এখনও পুরোপুরি অপরাধীদের হয়ে যায়নি।
এদিন তৃণমূল কংগ্রেসকেও তীব্র কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, আদিবাসীদের নিয়ে দীর্ঘদিন ধরে ভোটব্যাঙ্কের রাজনীতি হলেও মানুষ এখন তা প্রত্যাখ্যান করেছে। প্রাক্তন শাসকদলকে বিঁধে তাঁর মন্তব্য, গত ১৫ বছর ধরে রাজ্যে অন্য এক ‘ভগবান’-এর কথা শোনা গিয়েছে, যিনি সুসজ্জিত বাড়িতে থাকতেন, আর ভগবান বিরসা মুন্ডা গাছের তলায় থাকেন।

এর পাশাপাশি রাজ্যের বেশ কিছু জেলায় খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে জোর করে ধর্মান্তকরণের অভিযোগ তুলেছেন শমীক। তিনি দাবি করেন, একজন নামী খ্রিস্টান কলেজের অধ্যক্ষ হিন্দুদের ধর্মান্তরিত করার কাজ করছেন। এছাড়া, একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা বিজেপির মিছিলে যাওয়ার পর তাঁকে গেরুয়া পোশাক পরতে বাধা দেওয়ার ঘটনার কথাও উল্লেখ করেন তিনি। এই প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে শমীক স্পষ্ট জানান, গৈরিকের সমালোচনা বা অবমাননা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। জোর করে ধর্মান্তকরণের চেষ্টা হলে সরকার আর চুপ করে বসে থাকবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।