সংসদে ডিলিমিটেশন বিল পাশ করাতে এবার অনেকটাই আত্মবিশ্বাসী বিজেপি। লোকসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার সমর্থন নিশ্চিত করতে বিরোধী শিবিরের সাংসদদের অনুপস্থিতি ও সমর্থন আদায়ের কৌশল নিয়েই এগোচ্ছে শাসক শিবির। রাজনৈতিক মহলের একাংশের মতে, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে নভেম্বরের চতুর্থ সপ্তাহেই সংসদের দুই কক্ষে বিলটি পাশ করানোর চেষ্টা করতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।
আরও পড়ুন:
এই বিল আইনে পরিণত হলে লোকসভার আসন সংখ্যা বর্তমান ৫৪৩ থেকে বেড়ে সর্বোচ্চ ৮৫০ হতে পারে। ফলে আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে সংসদীয় আসন বিন্যাসে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। বিজেপির রাজনৈতিক কৌশলেও এই বিল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
গত ১৭ এপ্রিল লোকসভায় ডিলিমিটেশন বিলের পক্ষে ভোট পড়েছিল ২৯৪টি।
প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন পেতে হলে দরকার ছিল ৩৬২টি ভোট। অর্থাৎ সেদিন সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যমাত্রা থেকে ৬৮টি ভোট পিছিয়ে ছিল সরকার। কিন্তু গত সাত মাসে সংসদীয় সমীকরণে বেশ কিছু পরিবর্তন এসেছে বলে দাবি করা হচ্ছে। তৃণমূলের ২০ জন সাংসদ-সহ আরও কয়েকজন সাংসদের সমর্থন পাওয়ার হিসাব ধরে এনডিএর শক্তি ৩১৯-এ পৌঁছেছে বলে সংশ্লিষ্ট মহলের দাবি।আরও পড়ুন:
অন্যদিকে, বিরোধী শিবিরের শক্তিও আগের তুলনায় কমেছে বলে দাবি করা হচ্ছে। গতবার বিলের বিরোধিতায় যে ২৩০টি ভোট পড়েছিল, তার মধ্যে তৃণমূলের ২০, ডিএমকের ২২ এবং শরদ পাওয়ারের দলের আটজন সাংসদ ছিলেন। এবার এই সাংসদদের অবস্থান বদলালে বিরোধীদের ভোটের অঙ্ক অনেকটাই কমে যেতে পারে।
ডিএমকে ও শরদ পাওয়ারের দলের সাংসদদের সমর্থন পাওয়ার সম্ভাবনা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।আরও পড়ুন:
তবে বিজেপির সামনে এখনও বড় প্রশ্ন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির অবস্থান। অখিলেশ যাদবের নেতৃত্বাধীন দলের ৩৭ জন সাংসদের সমর্থন পেলে লোকসভায় বিল পাশের পথ অনেকটাই সহজ হয়ে যাবে। কিন্তু আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন থাকায় বিজেপিকে সুবিধা করে দিতে অখিলেশ যাদব এমন কোনও পদক্ষেপ করবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
আরও পড়ুন:
এই পরিস্থিতিতে সরাসরি সমর্থনের পাশাপাশি বিরোধী সাংসদদের ভোটদানে অনুপস্থিত রাখার কৌশলও নিতে পারে বিজেপি। রাজনৈতিক সূত্রের দাবি, গত কয়েক মাস ধরে বিরোধী শিবিরের একাধিক সাংসদের সঙ্গে যোগাযোগ রাখছেন বিজেপির রাজনৈতিক ম্যানেজাররা। কংগ্রেসের বেশ কয়েকজন সাংসদের পাশাপাশি তৃণমূলের অবশিষ্ট সাংসদদের মধ্যেও কয়েকজনের সঙ্গে আলোচনা হয়েছে বলে খবর।
ছোট শরিক দলগুলির কাছেও বিভিন্ন প্রস্তাব পৌঁছে দেওয়া হয়েছে বলে দাবি।আরও পড়ুন:
ভোটের দিন সংশ্লিষ্ট সাংসদরা সংসদে অনুপস্থিত থাকবেন, নাকি সরাসরি বিলের পক্ষে ভোট দেবেন, তা নিয়ে বিজেপি এখনও প্রকাশ্যে কিছু জানায়নি। তবে রাজনৈতিক মহলের ধারণা, বিরোধী শিবিরের ভোট বিভাজন এবং অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়েই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যে এগোতে চাইছে শাসক দল।
আরও পড়ুন:
রাজ্যসভাতেও বিল পাশ করানোর অঙ্ক কষছে বিজেপি। সেখানে দুই-তৃতীয়াংশ সমর্থনের জন্য ১৬১টি ভোট প্রয়োজন বলে হিসাব করা হচ্ছে। এনডিএর হাতে রয়েছে ১৫৩ জন সাংসদ। অর্থাৎ প্রয়োজন আরও আটটি ভোট। বিরোধী শিবিরের তুলনায় এনডিএর অবস্থান সেখানে সুবিধাজনক হলেও প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে বাড়তি উদ্যোগ নেওয়া হচ্ছে বলে রাজনৈতিক সূত্রের খবর।
আরও পড়ুন:
সব মিলিয়ে ডিলিমিটেশন বিল ঘিরে সংসদে নতুন করে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। শেষ পর্যন্ত বিরোধী শিবিরের সাংসদদের অবস্থান কী হয় এবং বিজেপি প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন জোগাড় করতে পারে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।