পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় দুই স্পেশাল পুলিশ অফিসার-এর মৃত্যু ঘিরে এক বিস্ফোরক দাবি করে তীব্র রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কারা। তাঁর দাবি, ওই দুই পুলিশকর্মী জঙ্গি হামলায় নন, বরং শিকারে গিয়ে ফেরার পথে সাদা পোশাকে থাকায় ভারতীয় সেনাবাহিনীর ‘ভুল বোঝাবুঝি’-র শিকার হয়ে সেনার গুলিতেই প্রাণ হারিয়েছেন। কংগ্রেস সভাপতির এই মন্তব্যের পরই কটাক্ষ করেছে বিজেপি।

কিশতওয়ারে দুই এসপিও-র মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কারা বলেন, "এই হত্যাকাণ্ড ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। আমি কিশতওয়ারের জেলা সভাপতির সঙ্গে কথা বলেছি।

আমি যা জানতে পেরেছি তা হলো, ওই দুই এসপিও শিকারে গিয়েছিলেন। যাওয়ার সময় তাঁরা দুটি পিকেটই নির্বিঘ্নে পার হয়েছিলেন। কিন্তু ফেরার পথে তাঁদের পরনে সাধারণ বা সাদা পোশাক থাকায় সেনাবাহিনী তাঁদের জঙ্গি বলে ভুল করে গুলি চালায়। এটি একটি ভাষ্য।" কারা আরও অভিযোগ করেন, জঙ্গিদের গুলিতে তাঁদের মৃত্যু হয়েছে বলে যে অন্য তত্ত্বটি সামনে আনা হচ্ছে, তা আসলে বিজেপির প্রচার।
পুরো বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

কারার এই মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছে বিজেপি। দলের বিধায়ক রণবীর সিং পাঠানিয়া বলেন, "কিশতওয়ারে দুই সাহসী এসপিও-র মর্মান্তিক মৃত্যুতে গোটা দেশ শোকস্তব্ধ। এই সংবেদনশীল মুহূর্তে তদন্তের ফলাফলের অপেক্ষা না করেই প্রদেশ কংগ্রেস সভাপতি একটি ভিত্তিহীন তত্ত্ব ভাসিয়ে দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং আমাদের বীর জওয়ানদের দিকে আঙুল তুলছেন।" তিনি আরও বলেন, শহিদদের আত্মত্যাগকে রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার না বানিয়ে কংগ্রেসকে অবিলম্বে এই অনুমাননির্ভর মন্তব্য প্রত্যাহার করে নিহতদের পরিবারের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।