পুবের কলম, হেগ: মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর সে দেশের সেনাবাহিনী গণহত্যা চালিয়েছে কি না, সেই বহুপ্রতীক্ষিত এবং ঐতিহাসিক মামলায় আগামী বৃহস্পতিবার চূড়ান্ত রায় ঘোষণা করতে চলেছে রাষ্ট্রসংঘের সর্বোচ্চ আদালত ‘ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস’ (আইসিজে)।নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত এই আদালতে দীর্ঘ সাত বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর এই রায় ঘোষিত হতে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই রায় কেবল আন্তর্জাতিক আইনের ক্ষেত্রেই মাইলফলক হবে না, বরং গাজায় সামরিক অভিযানের প্রেক্ষিতে ইজরায়েলের বিরুদ্ধে দায়ের হওয়া পৃথক গণহত্যা মামলাতেও এর গভীর প্রভাব পড়বে।
আরও পড়ুন:
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর হামলার পর সে দেশের সেনাবাহিনী তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযান শুরু করে।
সেই নৃশংস সামরিক অভিযানের মুখে প্রাণ বাঁচাতে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলিম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। বর্তমানে বাংলাদেশে ১০ লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন, যেখানে মিয়ানমারে টিকে থাকা রোহিঙ্গাদের সংখ্যা ৬ লক্ষেরও কমে নেমে এসেছে। এই বর্বরতার বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে ১৯৪৮ সালের রাষ্ট্রসংঘের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ এনে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে।আরও পড়ুন:
যদিও মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করে এসেছে যে, তাদের সামরিক অভিযান কেবল বিচ্ছিন্নতাবাদী জঙ্গি দমনের উদ্দেশ্যেই পরিচালিত হয়েছিল। রোহিঙ্গা নির্যাতিতদের আইনি সহায়তাদানকারী সংস্থার প্রতিষ্ঠাতা অ্যান্টোনিয়া মালভে জানিয়েছেন, সহিংসতার ধরন থেকেই স্পষ্ট যে রোহিঙ্গা সম্প্রদায়কে নিশ্চিহ্ন করার চেষ্টা চালানো হয়েছিল।