পুবের কলম ওয়েব ডেস্ক: উত্তর প্রদেশে আসন্ন চূড়ান্ত খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে বিপুলসংখ্যক হিন্দু ভোটারের নাম বাদ পড়া নিয়ে তোলপাড় শুরু হয়েছে। আগামী ১৭ নভেম্বর এই তালিকা প্রকাশিত হওয়ার কথা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, রাজ্যের তালিকা থেকে প্রায় ১ কোটি ২৭ লাখ হিন্দু ভোটারের নাম বাদ পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য তিনি ও রাজ্য বিজেপি নেতৃত্ব জোর তৎপরতা শুরু করেছেন।
বিজেপির রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, খসড়া তালিকা প্রকাশের পর দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সক্ষম ভোটারদের নাম যাচাই করবেন।

কোনো ভোটারের নাম বাদ পড়ে থাকলে নিয়ম অনুযায়ী তা তোলার ব্যবস্থা করা হবে। কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি বুথে অন্তত ২০০ জন বাদ পড়া ভোটারের নাম নতুন করে নথিবদ্ধ করতে হবে। আগামী ১০ জানুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।
এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় নেতৃত্বও সমানভাবে সজাগ। আগামী ২৭ ও ২৮ নভেম্বর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে রাজ্যের ভোট পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।
সেখানে কেন্দ্র ও রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা উপস্থিত থাকবেন।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ মার্চ উত্তর প্রদেশের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যা ছিল ১৬ কোটি ২০ লাখ। কিন্তু এসআইআর প্রক্রিয়ার পর গত এপ্রিল মাসে যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, তাতে মাত্র ১৩ কোটি ৪০ লাখ ভোটারের নাম ছিল। অর্থাৎ, প্রায় ২ কোটি ৮০ লাখ ভোটারের নাম বাদ গেছে, যা মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১৭.৩০ শতাংশ। মুখ্যমন্ত্রীর বিস্ময়ের বড় কারণ হলো, বাদ পড়া ভোটারদের একটি বড় অংশ, প্রায় ১ কোটি ২৭ লাখ, হিন্দু।
অন্যদিকে, এসআইআরের পর রাজ্যে মুসলিম ভোটারের সংখ্যা ১.৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা নিয়েও প্রশ্ন উঠেছে।
মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন, যে হিন্দু ভোটারদের নাম বাদ পড়েছে, তাঁদের সবার নাম পঞ্চায়েতের ভোটার তালিকায় ছিল এবং তাঁরা এখনো সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন। বিজেপির একটি অংশ প্রশ্ন তুলেছে, রাজ্যে তাদের এত শক্তিশালী সংগঠন থাকা সত্ত্বেও কীভাবে এই বিপুল সংখ্যক নাম বাদ পড়ল। পাশাপাশি বিরোধী দল কংগ্রেস এই সুযোগে বিজেপি ও নির্বাচন কমিশনকে কটাক্ষ করতে ছাড়ছে না।
এই পরিস্থিতিতে আরএসএসও ময়দানে নেমেছে। রাজ্যের ছয়টি অঞ্চলের ভোট তদারকির দায়িত্ব ছয়জন সাংগঠনিক সচিবকে দেওয়া হয়েছে। ভোটের সময় রাজ্যের বাইরে থেকেও আরএসএস কর্মীদের আনা হবে। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল যাতে কোনোভাবেই প্রভাবিত না হয় এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনে এর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সেদিকে কড়া নজর রাখছে বিজেপি ও আরএসএস।