পুবের কলম ওয়েব ডেস্ক: আদালত অবমাননা মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন বেলেঘাটার মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সোমবার কলকাতা হাই কোর্টের তাঁকে দোষী সাব্যস্ত করার রায়ের উপর স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। পাশাপাশি, এই মামলায় সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে নোটিস পাঠানোরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন শীর্ষ আদালতে কুণালের হয়ে সওয়াল করেন তাঁর দুই আইনজীবী অয়ন চক্রবর্তী এবং শাম্ব নন্দী।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিল মাসে কলকাতা হাই কোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল।

ওই নিয়োগ প্রক্রিয়ায় হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য রাজ্যের তৎকালীন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আবেদন জানালে, বিচারপতি তাঁকে তা লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দেন। এর পরই হাই কোর্ট চত্বরের সংরক্ষিত এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীদের একাংশ। সেই জমায়েত ও বিক্ষোভের বিষয়ে নিজস্ব মতামত প্রকাশ করেছিলেন কুণাল ঘোষ।
এর জেরেই হাই কোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চ তাঁকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেছিল। হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল বিধায়ক, যার প্রেক্ষিতে সোমবার তিনি এই আইনি স্বস্তি পেলেন।