পুবের কলম ওয়েব ডেস্ক: গুজরাটের গোধরা দাঙ্গা পরবর্তী বিলকিস বানো গণধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে জামিন দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ ওই দুই আসামির যাবজ্জীবনের সাজা রদ করে এই নির্দেশ দিয়েছে। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে তাদের জেলবন্দি থাকা এবং এক আসামির গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টিকে বিবেচনা করেই শীর্ষ আদালত এই স্বস্তিদায়ক রায় দিয়েছে বলে জানা গিয়েছে।
২০০২ সালের গোধরা দাঙ্গার সময় বিলকিস বানোকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার অভিযোগে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০২২ সালের ১৫ আগস্ট স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে গুজরাট হাই কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার ওই ১১ জন দোষীকে মুক্তি দেয়।
সেই সময় সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পর স্বস্তি প্রকাশ করে বিলকিস বানো জানিয়েছিলেন যে, দেড় বছর পর তিনি হাসতে পেরেছেন এবং এটিই প্রকৃত ন্যায়বিচার। তবে এবার দীর্ঘ কারাবাস ও শারীরিক প্রতিবন্ধকতার কারণ দেখিয়ে শীর্ষ আদালতে আপিল করে সেই আসামিদের মধ্যেই দু’জন জামিন পেল। বেঞ্চ জানিয়েছে, এই আপিলে তথ্য ও আইনের যে প্রশ্নগুলি উত্থাপিত হয়েছে, তা বিবেচনার দাবি রাখে এবং সেই কারণেই তাদের জামিন মঞ্জুর করা হয়েছে।