পুবের কলম, ওয়েবডেস্ক: হরিয়ানার নুহ জেলায় গরুপাচার সন্দেহে পুলিশের সঙ্গে এনকাউন্টারে দুই মুসলিম যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার এই সংঘর্ষে সাবির এবং গাব্বার নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। পাশাপাশি, তহির নামে অপর এক যুবক এবং এক পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। আহত তহির বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে পুলিশি নিপীড়ন ও সহিংসতার অভিযোগ তুলে সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলি।আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে ফিরোজপুর ঝিরকা এলাকার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি-র কাছে গরুপাচার সংক্রান্ত একটি গোপন খবর আসে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ আধিকারিকরা একটি সন্দেহজনক গাড়ি আটকাতে রাস্তায় ব্যারিকেড তৈরি করেন। পুলিশের দাবি, সেই সময় উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয় এবং তাতেই সাবির ও গাব্বার নিহত হন।
আরও পড়ুন:
তবে পুলিশের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। গুলি বিনিময়ের সূচনা কীভাবে হয়েছিল কিংবা ঠিক কী পরিস্থিতিতে ওই দুই যুবককে গুলি করা হলো, সে বিষয়ে কোনো নিরপেক্ষ ও বিস্তারিত তথ্য মেলেনি। পুরো ঘটনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে একটি ম্যাজিস্ট্রেীয়াল তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
হরিয়ানায় গরুপাচারের অভিযোগকে কেন্দ্র করে সংখ্যালঘু মুসলিমদের ওপর পুলিশি নিপীড়ন এবং হিংসার ঘটনা নতুন নয়। এর আগেও এমন বেশ কয়েকটি ঘটনায় নিহতদের পরিবার পুলিশের আনা অভিযোগ অস্বীকার করেছিল এবং বিচার দাবি করেছিল।