পুবের কলম ওয়েব ডেস্ক: তেলেঙ্গানায় কংগ্রেস সরকার আয়োজিত ‘ভারত সম্মেলন’-এ এক ইটালীয় নেতার রাজনৈতিক মন্তব্য এবং স্লোগান ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। শনিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতেই ভরা মঞ্চে ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগান তোলেন পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্টস-এর সেক্রেটারি জেনারেল গিয়াকোমো ফিলিবেক। বিদেশি নাগরিক হয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে ভিসা বিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে।
শনিবার ওই সম্মেলনে ফিলিবেক দাবি করেন, ভারতে বর্তমানে গণতন্ত্র আক্রান্ত।
এই ঘটনাকে হাতিয়ার করে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। রবিবার মহারাষ্ট্রের এক জনসভা থেকে রাহুল গান্ধীকে সরাসরি আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক সম্মেলনে বিদেশি নেতাদের ডেকে এনে ভারত-বিরোধী মতামত প্রকাশের মাধ্যমে গোটা বিশ্বের কাছে দেশের বদনাম করছেন কংগ্রেস নেতা। অন্যদিকে, এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপে কংগ্রেসের প্রশ্রয় দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভিসা বিধি লঙ্ঘনের দায়ে ওই ইটালীয় নেতার বিরুদ্ধে সরকার কোনও শাস্তিমূলক পদক্ষেপ করে কি না, সেদিকেই এখন নজর ওয়াকিবহাল মহলের।