পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় এল নতুন মোড়। কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরই, এবার শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের তরফেও পৃথকভাবে একটি আবেদন জানানো হয়েছে। তাঁদের মূল আরজি, সব পক্ষের বক্তব্য না শুনে শীর্ষ আদালত যেন একতরফাভাবে কোনও নির্দেশ না দেয় এবং হাই কোর্টের নির্দেশই আপাতত বহাল থাকে।
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিরোধী দলগুলি প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছিল এবং পরবর্তীতে বিষয়টি গড়ায় কলকাতা হাই কোর্টে। হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনওভাবেই পুরভোটের দিনক্ষণ ঘোষণা করা যাবে না।
এদিকে, দীর্ঘদিন ধরে একাধিক পুরসভা ও পুরনিগমে নির্বাচন না হওয়ায় বোর্ড ভেঙে গিয়েছে এবং প্রশাসকরাই দায়িত্ব সামলাচ্ছেন। এর ফলে ব্যাহত হচ্ছে নাগরিক পরিষেবা। তাই দ্রুত নির্বাচন করাতে চাইছে রাজ্য। শোনা যাচ্ছিল, নভেম্বরের শেষদিকেই নির্বাচন হতে পারে। কিন্তু হাই কোর্টের নির্দেশে পুরভোট অনিশ্চিত হয়ে পড়ায়, দ্রুত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের অতিরিক্ত প্রধান সচিব। খুব শীঘ্রই শীর্ষ আদালতে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট তৃণমূলের এই ক্যাভিয়েট দাখিল আগামী পুরভোটের ভবিষ্যৎকে আরও খানিকটা সাসপেন্সে রাখল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।