বিশেষ প্রতিবেদন: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পরেই নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন ভারতের বহু মুসলিম। কোথাও পুলিশি হেফাজত, কোথাও বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ, আবার কোথাও নাগরিকত্বের প্রমাণ চেয়ে জিজ্ঞাসাবাদ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া এবং অনুপ্রবেশকারী শনাক্ত করে দেশ থেকে বিতাড়নের অভিযানের মধ্যে যোগসূত্র তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে। রয়টার্সের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এমনই ছবি উঠে এসেছে। প্রতিবেদনে ১০টি পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁদের পরিজনদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর আটক, বিতাড়ন অথবা নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। অথচ তাঁদের কাছে ভারতীয় পরিচয়পত্র ও পারিবারিক নথি--সবই রয়েছে। পরিবারের অন্য সদস্যদের নামও ভোটার তালিকায় রয়েছে।
আরও পড়ুন:
মুম্বইয়ের বাসিন্দা ৩৮ বছরের সাহিদা ফকিরের ঘটনা এর অন্যতম উদাহরণ। গত ১৯ জুলাই বাড়ি থেকে সবজি কিনতে বেরিয়েছিলেন তিনি। ছোট ছেলেকে বলে গিয়েছিলেন, কয়েক মিনিটের মধ্যেই ফিরবেন। কিন্তু তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও আর বাড়ি ফেরা হয়নি তাঁর। বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে রয়েছেন সাহিদা। স্বামী ও দুই ছেলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি।
সাহিদার অভিযোগ, সাদা পোশাকের পুলিশকর্মীরা তাঁকে আটক করেন। তাঁর মোবাইল ফোনটিও নিয়ে নেওয়া হয়। সেই ফোনে পরিচয়পত্র-সহ বিভিন্ন নথির প্রতিলিপি ছিল। পরে তাঁকে জোর করে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আদালতের নথি অনুযায়ী, এই অভিযানে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকেরা যুক্ত ছিলেন। এ বিষয়ে মুম্বই পুলিশের কাছে রয়টার্সের প্রশ্নের কোনও জবাব মেলেনি।
আরও পড়ুন:
ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় দেশজুড়ে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, বাদ পড়া ভোটারদের মধ্যে মুসলিমদের অনুপাত তাঁদের জনসংখ্যার তুলনায় অনেক বেশি। মানবাধিকার সংগঠনগুলির মতে, ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দেশের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্য ও বঞ্চনার অভিযোগ বেড়েছে।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৯০ লক্ষ নাম বাদ পড়ে। কলকাতার সবর ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, খুঁটিয়ে পরীক্ষা করা ২৭ লক্ষ বাদ পড়া নামের মধ্যে প্রায় ৭০ শতাংশ মুসলিমদের। অথচ রাজ্যের মোট জনসংখ্যার মাত্র ২৭ শতাংশ মুসলিম। এই নির্বাচনে বিজেপি জয়ী হয়ে প্রথম বার রাজ্যের ক্ষমতা দখল করেছে। এই ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাবির আহমেদ জানিয়েছেন, প্রতিষ্ঠানবিরোধী হাওয়া থাকলেও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ঘটনাও নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা নিয়েছে।
আরও পড়ুন:
ভোটার তালিকা সংশোধন ও বিতাড়ন অভিযান
আরও পড়ুন:
গত ৫ নভেম্বর হরিয়ানার একটি নির্বাচনী সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু’টি প্রক্রিয়ার মধ্যে সরাসরি যোগসূত্র তৈরি করেন। তিনি বলেন, বিজেপির সংকল্প হল অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া এবং তার পর একে একে তাঁদের দেশ থেকে বিতাড়িত করা। পশ্চিমবঙ্গে মূলত বাংলাভাষী মুসলিমদের নিশানা করে এই অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
১৯৪৭ সালে দেশভাগের সময় ব্রিটিশদের টানা সীমান্তরেখা বাংলা অঞ্চলকে দু’ভাগে ভাগ করেছিল। দেশভাগের সময় এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় লক্ষ লক্ষ মানুষ সীমান্ত পেরিয়ে এসেছিলেন। বহু পরিবারের আত্মীয়স্বজন ও পারিবারিক শিকড় দুই দেশের মধ্যে ছড়িয়ে রয়েছে। ফলে নাগরিকত্ব ও অভিবাসনের প্রশ্ন পশ্চিমবঙ্গে বিশেষভাবে স্পর্শকাতর। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক, প্রধানমন্ত্রীর দফতর এবং নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে জানতে চেয়েছিল রয়টার্স। কিন্তু কোনও তরফেই জবাব মেলেনি।
আরও পড়ুন:
আদালতে সাহিদার লড়াই
আরও পড়ুন:
সাহিদার দাবি, রাত একটা নাগাদ সীমান্তের একটি অরক্ষিত ও বেড়াহীন এলাকা দিয়ে তাঁকে বাংলাদেশে পাঠানো (পুশ ইন) হয়। কাদামাখা অবস্থায় কয়েক ঘণ্টা হাঁটার পর এক কৃষক তাঁকে কাঁদতে দেখেন এবং আশ্রয় দেন।
মুম্বই পুলিশ আদালতে জানিয়েছে, তাঁকে অসম সীমান্তে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছিল। পরে নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়।আরও পড়ুন:
আদালতের নথি অনুযায়ী, ওই অভিযানে মোট ১৪৯ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে পাঠানো হয়েছিল। সাহিদা বলেছেন, কখনও ভাবেননি তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তাঁর কথায়, তাঁর বাড়ি, ঠাকুরদা-ঠাকুরমা এবং পরিবারের কয়েক প্রজন্মের শিকড় ভারতের মাটিতেই। সাহিদার স্বামী জুম্মান এখন সুপ্রিম কোর্টে স্ত্রীর হয়ে আইনি লড়াই করছেন। তাঁর পরিবারের দায়ের করা আবেদনে বলা হয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই কেউ বিদেশি হয়ে যান না। প্রশাসনের একতরফা, অ-যাচাই করা দাবির ভিত্তিতে কোনও নাগরিককে দেশ থেকে সরিয়ে দেওয়া যায় না।
আরও পড়ুন:
রয়টার্সের হাতে আসা পারিবারিক নথিতে দেখা গিয়েছে, সাহিদার বাবা-মা ও ঠাকুরদা-ঠাকুরমার নাম ১৯৫২ সালের প্রথম সাধারণ নির্বাচন থেকেই উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের ভোটার তালিকায় রয়েছে। ২০০২-০৩ সালের ভোটার তালিকাতেও তাঁদের নাম ছিল। সাম্প্রতিক সংশোধনের ক্ষেত্রে ওই সময়ের তালিকাকে একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে ব্যবহার করা হয়েছে। সাহিদার নিজের নামও অন্তত ২০০৮ সাল থেকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রয়েছে। তাঁর ভোটার পরিচয়পত্রও দেখেছে রয়টার্স।
আরও পড়ুন:
অন্য দিকে, মুম্বইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস কলকাতা হাই কোর্টে জানিয়েছে, সাহিদা তদন্তের সময় বাংলাদেশের একটি জন্ম শংসাপত্র দেখিয়েছিলেন। ভারতীয় নাগরিকত্ব প্রমাণের মতো বৈধ ও বিশ্বাসযোগ্য নথি তিনি দিতে পারেননি। এই দাবি অবশ্য অস্বীকার করেছেন সাহিদা। তাঁর বক্তব্য, পুলিশ মোবাইল ফোন নিয়ে নেওয়ায় তাতে থাকা নথি দেখানোর সুযোগ পাননি তিনি। ভারতীয় আইন অনুযায়ী, নাগরিকদের সব সময় বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক নয়।
আরও পড়ুন:
‘ভোটার তালিকায় নাম নেই, তাই তুমি বাংলাদেশি’
আরও পড়ুন:
কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া অন্য একটি মামলায় বাসনপত্র ফেরি করে বিক্রি করা নাসিরুদ্দিন শেখ এবং আরও চার জন জানিয়েছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর তাঁদের আটক করা হয়েছিল। অথচ নাম বাদ দেওয়ার বিরুদ্ধে তাঁদের আবেদন তখনও বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল।
নাসিরুদ্দিনের দাবি, নিজের বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে ছত্তীসগঢ়ে কাজ করার সময় পুলিশ তাঁকে এবং আরও ২২ জনকে আটক করে। সংশোধিত ভোটার তালিকায় নাম পাওয়া যাওয়ায় ১৪ দিন পর তাঁদের মধ্যে ১৯ জনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু নাসিরুদ্দিন-সহ বাকি চার জনের নাম তালিকায় না থাকায় তাঁদের আটক রাখা হয় ৩২ দিন।
আরও পড়ুন:
নাসিরুদ্দিনের কথায়, এক পুলিশকর্মী তাঁকে বলেছিলেন, ‘ভোটার তালিকায় তোমার নাম নেই। তুমি বাংলাদেশি।’ আদালতে শুনানির আগের রাতে তাঁকে এবং অন্যদের ছেড়ে দেওয়া হয়। তাঁর বর্ণনা অনুযায়ী, আটককেন্দ্রের বড় হলঘরে ৬০ জনেরও বেশি মানুষের থাকার ব্যবস্থা ছিল। বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা এবং বায়োমেট্রিক নথিভুক্তির পর সেখানে রাখা হত। তাঁর কথায়, সেটি সব অর্থেই জেলের মতো। বাইরে যাওয়ার কোনও সুযোগ ছিল না। অন্য দিকে, পুলিশ ও রাজ্য সরকারের আইনজীবীরা কলকাতা হাই কোর্টে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনও স্থায়ী আটককেন্দ্র নেই।
আরও পড়ুন:
মুর্শিদাবাদের সন্দেহভাজন বিদেশি অভিবাসীদের জন্য তৈরি একটি অস্থায়ী কেন্দ্রে রয়টার্সের সাংবাদিকেরা গিয়েছিলেন। সেখানে জানলা দিয়ে কয়েক জনকে উঁকি দিতে দেখা যায়। চত্বরের ভিতরে ছিল একটি অ্যাম্বুল্যান্স এবং ঢাকা দেওয়া পুলিশের বাস। কেন্দ্রের উল্টো দিকে বসবাসকারী মোসাম্মি রায় জানিয়েছেন, দু’মাস আগে সেখানে কয়েক জনকে নিয়ে আসা হয়েছিল। তাঁদের পরিবারের সদস্যদের বাইরে কাঁদতেও দেখেছেন তিনি। মানবাধিকার কর্মী কীর্তি রায় জানিয়েছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা রয়েছে। কিন্তু ট্রাইব্যুনালগুলির কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। ফলে মানুষ বিচার পাওয়ার আশা হারাচ্ছেন। তাঁর কথায়, মানুষ এখন অসহায় বোধ করছেন।
আরও পড়ুন:
সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধন, নাগরিকত্ব যাচাই এবং অনুপ্রবেশকারী বিতাড়নের অভিযান কী ভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ছে, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া কোনও ব্যক্তির বিদেশি নাগরিকত্বের প্রমাণ নয়। অথচ সেই বাদ পড়ার ঘটনাকেই নাগরিকত্ব নিয়ে সন্দেহের ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ।