পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে পালাবদলের পর থেকেই একাধিক মামলায় জড়িয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার 'ডিজে' মামলায় তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই তা বৃদ্ধির আরজি নিয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর আদালতে আবেদন জানানোয় এদিন বিচারপতির ভর্ৎসনার মুখে পড়তে হয় তৃণমূল সাংসদের আইনজীবীকে।
প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন ডিজে বাজানো নিয়ে অভিষেকের একটি মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত হয়েছিল।
কিন্তু সেই রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার ১০ দিন পর, সোমবার অভিষেকের পক্ষে আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কেন আদালতকে বিষয়টি জানানো হল, সেই প্রশ্ন তুলে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি। অভিষেকের আইনজীবী জানান, একাধিক মামলার চাপের কারণে অনিচ্ছাকৃতভাবেই এই বিলম্ব হয়েছে। প্রথমে ক্ষুব্ধ বিচারপতি আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসে শুনানির কথা বললেও, আইনজীবীর বারবার অনুরোধের পর শেষমেশ আগামী শুক্রবার এই মামলার শুনানির দিন ধার্য করেছেন। ওই দিনই স্পষ্ট হবে যে, ডিজে মামলায় আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুনরায় রক্ষাকবচ দেয় কি না।