পুবের কলম ওয়েব ডেস্ক: ভোটচুরির অভিযোগ নিয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে বিরোধী দলগুলোর ‘ইন্ডিয়া’ জোট। সুপ্রিম কোর্টে বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর সংক্রান্ত একটি মামলার শুনানিতে এবার বড় দাবি পেশ করেছে তারা। বিরোধীরা সরাসরি শীর্ষ আদালতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করতে চায়। ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ দেওয়া ও ফর্ম ৬-এর ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে ৪৮টি প্রশ্নের একটি তালিকা জমা দিয়েছেন ইন্ডিয়া জোটের আইনজীবী।
সোমবার সুপ্রিম কোর্টে জমা দেওয়া আবেদনে বিরোধীরা অভিযোগ করেছে যে, নির্বাচন কমিশন ভোটচুরি এবং এসআইআরে অনিয়মের অভিযোগের সঠিক উত্তর দিচ্ছে না। কমিশনের পক্ষ থেকে আদালতে প্রাসঙ্গিক তথ্য বা নথিপত্রও তুলে ধরা হচ্ছে না বলে তাদের দাবি। তাই শীর্ষ আদালতের অনুমোদনে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী, সেই সঙ্গে ডেপুটি নির্বাচন কমিশনার ভানু প্রকাশ ইতুরুর কাছ থেকে সরাসরি জবাব চায় বিরোধী জোট। তাদের মতে, কমিশন যেসব দাবি করছে, তার সত্যতা যাচাই করতেই এই প্রশ্নগুলো করা জরুরি।
আবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে কমিশন ঠিক কখন ও কীভাবে সিদ্ধান্ত নিয়েছিল এবং ইসিআইএনইটি কীভাবে পরিচালিত হচ্ছে, তা জানার জন্য প্রয়োজনীয় নথিপত্র একমাত্র নির্বাচন কমিশনের কাছেই রয়েছে।
এর আগে গত ২৭ অক্টোবর এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ নির্বাচন কমিশনকে ১০ দিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কমিশন সেই হলফনামা ইতিমধ্যে জমা দিয়েছে, যেখানে বলা হয়েছে এসআইআর সংক্রান্ত প্রধান সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমেই নেওয়া হয়েছিল। বিরোধীদের আবেদনের পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট।