পুবের কলম ওয়েব ডেস্ক: ডব্লিউবিসিএস পরীক্ষা থেকে উর্দুকে বাদ দেওয়ার আবেদন বিজেপি নেতা তথাগত রায়ের। শুধু তাই নয় এই ভাষার প্রশ্নপ্রণেতা, পরীক্ষক এবং পরীক্ষার্থীদের পরিচয় নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি এই পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক নিয়োগ করা হয়। প্রতি বছর রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসার জন্য নিজেদের প্রস্তুত করেন। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলে প্রত্যেক ভারতীয় নাগরিক এই পরীক্ষায় বসার জন্য আবেদন জানাতে পারেন। এমনিতেই, ওবিসি নিয়ে রাজ্য সরকারের অবস্থানের কারণে বহু সং'্যালঘু চাকরিপ্রার্থী বঞ্চিত হচ্ছেন বলে মত সংশ্লিষ্ট মহলের। এরপর ডব্লিউবিসিএস থেকে উর্দু ভাষাকে বাদ দিলে বঞ্চনার শিকার হবেন উর্দুভাষী মুসলিম সম্প্রদায়ের একাংশ বলে মনে করা হচ্ছে।
সোমবার এ বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে তথাগত লেখেন, ‘পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (ডব্লিউবিপিএসসি) রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষা পরিচালনা করে। এই পরীক্ষার জন্য কমিশন বাধ্যতামূলক ও ঐচ্ছিক বিষয়ের প্রশ্নপত্র নির্ধারণ করে। রাজ্যে সরকার পরিবর্তন হওয়া সত্ত্বেও ভারতীয় ভাষাগুলির মধ্যে উর্দু এখনও একটি বাধ্যতামূলক বিষয় হিসেবে বহাল রয়েছে। অন্যান্য ভাষাগুলি হল বাংলা, হিন্দি, সাঁওতালি ও নেপালি। শুধু তাই নয়, উর্দু একটি ঐচ্ছিক বিষয় হিসেবেও রয়েছে। উর্দু ভাষার প্রশ্নপ্রণেতা, পরীক্ষক এবং পরীক্ষার্থীদের পরিচয় সম্পর্কে খুব বেশি কিছু বলার প্রয়োজন নেই। বিষয়টি সহজেই অনুমেয়।’ একইসঙ্গে তিনি লেখেন, ‘সরকারি চিঠিপত্রের শিরোনাম বা লেটারহেড থেকে উর্দু ভাষার উল্লেখ বাদ দেওয়া হলেও, আইনগতভাবে আজও উর্দুর অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যেমন ছিল, তেমনই রয়ে গিয়েছে। তাহলে কি এবার পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষায় বাধ্যতামূলক বিষয়ের তালিকা থেকে উর্দু ভাষাকে বাদ দেওয়ার সময় আসেনি?’ এই পোস্টটি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং রাজ্য বিজেপির সভাপতিকে ট্যাগ করেছেন।
উল্লেখ্য, মোট তিনটি ধাপে এই পরীক্ষার আয়োজন করা হয়, প্রিলিমিনারি, মেইন্স এবং পার্সোনালিটি টেস্ট। প্রতিটি ধাপে সফল পরীক্ষার্থীরাই পরবর্তী ধাপের পরীক্ষায় বসার জন্য যোগ্য বলে বিবেচিত হন। মূলত, মেইন্স ধাপে ভাষা বিষয়ক পরীক্ষা দিতে হয় পরীক্ষার্থীদের। পাঁচটি ভারতীয় ভাষার মধ্যে যে কোনও একটি ভাষা বেছে নিতে হয়। বাধ্যতামূলকভাবে পরীক্ষার্থীদের সেই ভাষায় ২০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। সেই পাঁচটির মধ্যে উর্দু অন্যতম একটি ভাষা। পাশাপাশি সব চাকরিপ্রার্থীকেই ইংরেজি ভাষার উপর ২০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। অন্যদিকে যেসব পরীক্ষার্থী গ্রুপ-এ, এবং গ্রুপ-বি-এর জন্য পরীক্ষা দেন তাঁরা ঐচ্ছিক বিষয় হিসাবে আরবি, ফারসি, পালি, সংস্কৃত, সাঁওতালির পাশাপাশি উর্দুকেও বেছে নিতে পারেন।
এই নিয়ে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপকদের মত, রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষা থেকে উর্দু ভাষাকে বাদ দেওয়া হলে চাকরিপ্রার্থীদের একাংশ হতাশ হবেন। কারণ, উর্দুভাষী চাকরিপ্রার্থীদের মধ্যে অধিকাংশই সং'্যালঘু সম্প্রদায়ের।