পুবের কলম, ওয়েবডেস্ক: দেশকে নাড়িয়ে দেওয়া গুজরাটের বিলকিস বানু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামির সাজা স্থগিত করে তাদের জামিন দিল সুপ্রিম কোর্ট। এদিন দেশের শীর্ষ আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, আসামিরা ইতিমধ্যে ১৭ বছরের বেশি সময় কারাভোগ করেছেন এবং তাঁদের আপিলে তথ্যগত ও আইনগত কিছু বিষয় বিবেচনার দাবি রাখে।

মামলার শুনানিতে সুপ্রিম বেঞ্চ জানায়, "উভয় পক্ষের বক্তব্য শোনার পর, এটুকুই বলা যথেষ্ট যে আপিলকারীরা সতেরো বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন; এছাড়া এটাও সত্য যে আপিলকারীদের মধ্যে একজন গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার শিকার।" সুপ্রিম কোর্ট আরও বলেছে, "নিঃসন্দেহে, এই আপিলে তথ্যগত ও আইনগত—উভয় দিক থেকেই কিছু বিষয় নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

এমতাবস্থায় এবং আপিলটির সঙ্গে জড়িত বিষয়গুলো বিবেচনায় নিয়ে, আমরা সাজা স্থগিত করছি এবং সংশ্লিষ্ট বিচারিক আদালত কর্তৃক নির্ধারিত শর্তসাপেক্ষে আপিলকারীদের জামিন মঞ্জুর করছি।"

২০০২-এর ভয়াবহ স্মৃতি

২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরায় সবরমতী এক্সপ্রেসে অগ্নিসংযোগের পর গুজরাট জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গার ছড়িয়ে পড়ে। হিংসা ও অগ্নিসংযোগের হাত থেকে বাঁচতে তখন ২১ বছর বয়সী এবং পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানো তাঁর পরিবারের সদস্যদের নিয়ে নিজের গ্রাম রন্ধিকপুর ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন। ৩ মার্চ পান্নিভেলের কাছে পৌঁছলে এক উন্মত্ত জনতা তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নৃশংসভাবে গণধর্ষণ করে।

সে সময় তাঁর তিন বছর বয়সী কন্যাসন্তানসহ পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয়েছিল।

সিবিআই তদন্ত ও আদালতের রায়

ঘটনার পর স্থানীয় পুলিশের প্রাথমিক তদন্তে মামলাটি বন্ধ করার তোড়জোড় চলছিল। পরবর্তীতে ২০০৩ সালের ১৬ ডিসেম্বর সুপ্রিম কোর্ট এই মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেয়। সিবিআই পুনরায় তদন্ত শুরু করে ২০০৪ সালের ১৯ এপ্রিল চার্জশিট দাখিল করে। নিরপেক্ষ বিচারের স্বার্থে মামলাটি গুজরাট থেকে মহারাষ্ট্রে স্থানান্তরিত করা হয় এবং সেখানকার বিশেষ আদালত ধর্ষণ ও খুনের দায়ে ১১ জন অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে। পরবর্তীকালে দোষীদের আপিলের ভিত্তিতে বম্বে হাই কোর্ট নিম্ন আদালতের সাজায় হস্তক্ষেপ করতে অস্বীকার করে এবং ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে।