পুবের কলম ওয়েবডেস্ক, অন্ধ্রপ্রদেশের কোনাসিমা জেলায় ফের গ্যাস বিপর্যয়। ওএনজিসির একটি গ্যাস কূপে লিকের ঘটনায় মঙ্গলবার ভোরে আতঙ্ক ছড়ায় গেড্ডাডা গ্রামে। দুর্ঘটনার আশঙ্কায় প্রায় এক কিলোমিটার এলাকার ৪০০ থেকে ৫০০ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মোট প্রায় ৮০০ জনকে সরানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

ভোরে বিকট শব্দ, গ্যাসে ঢাকল এলাকা

ওএনজিসি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৫টা নাগাদ ২১৬ নম্বর জাতীয় সড়কের কাছে একটি গ্যাস কূপে পুনরায় খননের কাজ চলছিল। সেই সময় বিকট শব্দ করে কূপ থেকে গ্যাস বেরতে শুরু করে। আগুন না লাগলেও দ্রুত গোটা এলাকা গ্যাসে ঢেকে যায়। বর্তমানে লিক বন্ধ করার কাজ চলছে।

প্রশাসনের আশা, সন্ধ্যার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

বিদ্যুৎ ও গ্যাসের উনুন ব্যবহারে নিষেধাজ্ঞা

জেলাশাসক মহেশকুমার রবিলালা জানিয়েছেন, গ্যাস পাশের দিকে না ছড়িয়ে উপরের দিকে উঠছে। তাই বড় বিপদের আশঙ্কা তুলনামূলক কম। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাসিন্দাদের বৈদ্যুতিক যন্ত্র, আলো ও গ্যাসের উনুন ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।

তাঁদের দুপুর ও রাতের খাবারের ব্যবস্থাও করেছে প্রশাসন।

ঘটনার খবর পেয়ে ওএনজিসির শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। গ্রামবাসীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

একই জেলায় বারবার গ্যাস লিক, প্রশ্নে নিরাপত্তা

চলতি বছরে এই নিয়ে কোনাসিমা জেলায় চতুর্থবার গ্যাস লিকের ঘটনা ঘটল। গত জানুয়ারিতে মোরি গ্রামের একটি গ্যাস কূপে ব্লোআউটের পর আগুন লাগে। প্রায় পাঁচ দিন ধরে জ্বলেছিল সেই আগুন। বারবার এমন ঘটনায় ওএনজিসির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।