আগেই বাজারে এসেছে বইটি। সোমবার সন্ধ্যায় দিল্লির একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর বহুচর্চিত স্মৃতিকথা ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’। বই প্রকাশের অনুষ্ঠানে নিজের আত্মজীবনী লেখার কারণ ব্যাখ্যা করার পাশাপাশি বইয়ের নামকরণের তাৎপর্যও তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ কংগ্রেস ও বিরোধী শিবিরের একাধিক বিশিষ্ট নেতা। তবে রাজনৈতিক মহলে বিশেষ নজর কেড়েছে বিজেপি নেতা তথা পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহের উপস্থিতি।
আরও পড়ুন:
সনিয়া জানান, দীর্ঘদিন ধরে গান্ধী পরিবারকে নিয়ে নানা ধরনের মন্তব্য ও অভিযোগ করা হয়েছে, যার অধিকাংশই অসত্য এবং ভিত্তিহীন বলে তাঁর দাবি। সেই কারণেই নিজের এবং পরিবারের জীবনের কিছু অজানা দিক মানুষের সামনে তুলে ধরার প্রয়োজন অনুভব করেছিলেন তিনি।
তাঁর কথায়, ‘‘আমার শাশুড়ি, স্বামী, ছেলে, মেয়ে এবং আমাকে নিয়ে অনেক কিছু বলা হয়। যেগুলির অধিকাংশই অসত্য এবং ভিত্তিহীন। আমাদের জীবনের সঙ্গে এগুলির কোনও মিলই নেই।’’আরও পড়ুন:
তবে আত্মজীবনী লেখার সিদ্ধান্ত নেওয়া তাঁর পক্ষে সহজ ছিল না। সনিয়া জানান, প্রথমে তিনি এই বিষয়ে রাজি ছিলেন না। কিন্তু ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের বারবার অনুরোধে শেষ পর্যন্ত লেখার সিদ্ধান্ত নেন। বিশেষ করে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু মঞ্জুলিকা তাঁকে উৎসাহিত করেছিলেন।
সনিয়ার কথায়, নিজের মনের গভীরে থাকা অনুভূতিগুলি প্রকাশ করতে তিনি বরাবরই দ্বিধায় ভুগেছেন। কিন্তু বন্ধুদের অনুরোধ শেষ পর্যন্ত তাঁকে রাজি করায়।আরও পড়ুন:
বইয়ের শিরোনামে ‘বিলঙ্গিং’ শব্দটির ব্যবহার নিয়েও ব্যাখ্যা দিয়েছেন সনিয়া। তাঁর মতে, গোটা বই জুড়েই ‘বিলঙ্গিং’ বা অন্তর্ভুক্তির অনুভূতি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে। শুধু একটি নতুন দেশ বা পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়া নয়, বরং সেখানে নিজের জায়গা তৈরি করা এবং আপন হয়ে ওঠার দীর্ঘ প্রক্রিয়াকেই এই শব্দের মাধ্যমে প্রকাশ করতে চেয়েছেন তিনি।
আরও পড়ুন:
সনিয়া বলেন, ইতালি থেকে ভারতে আসার পর তাঁর জীবনে এই অনুভূতির বিশেষ গুরুত্ব ছিল। তবে বিষয়টি শুধু তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ নয়।
ভারতীয় নারীদের জীবনেও বিয়ের পর নতুন পরিবারে গিয়ে সেখানকার রীতিনীতি, সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। সেই বৃহত্তর সামাজিক বাস্তবতাকেও তিনি বইয়ের মধ্যে তুলে ধরতে চেয়েছেন। রাজীব গান্ধী, তাঁর পরিবার এবং সর্বোপরি ভারতবর্ষকে নিজের করে নেওয়ার দীর্ঘ যাত্রাই ‘বিলঙ্গিং’ শব্দের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে বলে জানান তিনি।আরও পড়ুন:
সনিয়ার ৫৪৪ পাতার এই স্মৃতিকথা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, তাঁর বাবা ফারুক আবদুল্লা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা জোসেফ বিজয়, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু-সহ বিরোধী দলের একাধিক নেতা।
আরও পড়ুন:
এছাড়াও উপস্থিত ছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের স্ত্রী গুরশরণ কৌর এবং পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিজেপি নেতা অমরিন্দর সিংহ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি রাজনৈতিক মহলেও বিশেষ তাৎপর্য পেয়েছে।
আরও পড়ুন:
বইটি নিয়ে পাঠকদের আগ্রহ ও প্রতিক্রিয়া প্রসঙ্গে সনিয়া বলেন, ‘‘বইটি নিয়ে মানুষের প্রতিক্রিয়া অভূতপূর্ব। আমি গভীরভাবে অভিভূত।’’