সোমবার দিল্লিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী শিবিরের একাধিক নেতা। ছিলেন সোনিয়ার ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাবা রাজীব গান্ধী ও মা সোনিয়া গান্ধীর দাম্পত্য জীবনের নানা অজানা মুহূর্ত তুলে ধরেন রাহুল। পাশাপাশি ফিরে যান নিজের শৈশবের স্মৃতিতে।

রাজীব-সোনিয়ার সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে রাহুল জানান, তাঁদের পারিবারিক জীবনের ছোট ছোট অভ্যাসের মধ্যেই বাবা-মায়ের ভালোবাসার প্রকাশ ঘটত।

তাঁর কথায়, খাবার খাওয়ার সময় বাবা রাজীব গান্ধী বসে থাকতেন এবং মা সোনিয়া থাকতেন বাবার কোলে। ছোটবেলায় বিষয়টি তাঁর কাছে এতটাই স্বাভাবিক ছিল যে, একবার এক বন্ধুকেও প্রশ্ন করেছিলেন, তার মা কেন বাবার কোলে বসেন না!

শুধু মধুর স্মৃতিই নয়, বাবা-মায়ের মধ্যে একবার ঘটে যাওয়া বিবাদের কথাও শোনান রাহুল। তিনি জানান, একদিন রাজীব গান্ধী তৎকালীন সেনা কর্মকর্তা তথা পরবর্তীকালে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়া ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। সেই সময় সোনিয়া গান্ধী তাঁকে কিছু একটা বলার চেষ্টা করছিলেন। একই কথা তিন-চারবার বলার পর রাজীব বিরক্ত হয়ে পড়েন।

রাহুলের স্মৃতিতে, বাবা-মাকে বিবাদে জড়িয়ে পড়তে দেখার একমাত্র ঘটনা ছিল সেটিই।

বক্তব্যের এক পর্যায়ে পরিবারের দুই গুরুত্বপূর্ণ সদস্যকে হারানোর বেদনাও তুলে ধরেন রাহুল। প্রথমে ঠাকুমা ইন্দিরা গান্ধী এবং পরে বাবা রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। রাহুলের কথায়, পরপর দুই মৃত্যুর ধাক্কায় তাঁদের পরিবারের সবকিছু যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ইন্দিরা গান্ধী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। আর রাজীব গান্ধীর মৃত্যু হয় বিস্ফোরণে।

বাবার মৃত্যুর পর মায়ের জীবনে যে গভীর পরিবর্তন এসেছিল, সে কথাও আবেগের সঙ্গে তুলে ধরেন রাহুল। তাঁর কথায়, রাজীব ও সোনিয়া ছিলেন একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু রাজীব গান্ধী চলে যাওয়ার পর সোনিয়া গান্ধীর হাসিখুশি, আনন্দপ্রিয় স্বভাব যেন হারিয়ে যায়। স্বামীর মৃত্যু তাঁর মায়ের জীবনকে আমূল বদলে দিয়েছিল।

সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশের মঞ্চে রাহুলের এই ব্যক্তিগত স্মৃতিচারণ অনুষ্ঠানে এক আবেগঘন মুহূর্ত তৈরি করে। রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে একজন ছেলে হিসেবে বাবা-মায়ের সম্পর্ক, পারিবারিক ভালোবাসা এবং প্রিয়জন হারানোর যন্ত্রণা তুলে ধরেন কংগ্রেস সাংসদ।