পুবের কলম, শ্রীনগর: এনক্রিপ্টেড অ্যাপ বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগে জারি করা আটকাদেশ বাতিল করে দিল জম্মু ও কাশ্মীর হাইকোর্ট। আদালত সাফ জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের অভাব থাকা সত্ত্বেও শুধুমাত্র গুরুতর অভিযোগের ভিত্তিতে কোনো ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায় না। বিচারপতি ওয়াসিম সাদিক নরগালের একক বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়েছে, প্রতিরোধমূলক আটক হলো একটি সতর্কতামূলক ব্যবস্থা, যা সাধারণ ফৌজদারি প্রক্রিয়ার কোনো বিকল্প হতে পারে না।

২০২৫ সালের জুলাই মাসে এক চালকের বিরুদ্ধে প্রতিরোধমূলক আটক নির্দেশ জারি করেছিল প্রশাসন।

অভিযোগ করা হয়েছিল, ওই ব্যক্তি সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ-এর এক হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। পাকিস্তানে থাকা হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগের জন্য তিনি নিরাপদ ভিপিএনএবং ‘জাঙ্গি’ নামক একটি এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করেছেন বলে দাবি করা হয়। যদিও বন্দীর আইনজীবী আদালতে সওয়াল করেন যে এই সমস্ত অভিযোগই অনুমান ও কল্পনানির্ভর।

মামলার শুনানিতে বিচারপতি নরগাল হতাশা প্রকাশ করে জানান, ওই অভিযোগগুলির সমর্থনে কর্তৃপক্ষ আদালতে কোনো প্রয়োজনীয় প্রমাণ পেশ করতে পারেনি।

যোগাযোগ কখন হয়েছিল, সেই নির্দিষ্ট তারিখ, আদান-প্রদান করা তথ্যের বিষয়বস্তু কিংবা সহায়তার সুনির্দিষ্ট কোনো প্রমাণ আটকে ছিল না। আদালত আরও জানায়, যদি তদন্তকারী সংস্থার কাছে অভিযুক্তের বিরুদ্ধে ইলেকট্রনিক মাধ্যমে জঙ্গি কার্যকলাপ সমন্বয়ের কোনো বাস্তব প্রমাণ থাকে, তবে ইউএপিএ-সহ প্রচলিত সাধারণ ফৌজদারি আইনে তার বিচার করা উচিত ছিল। রায়ে আদালত স্পষ্টভাবে বলেছে, ব্যক্তিগত স্বাধীনতার ওপর এহেন চরম হস্তক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং আইনসম্মত নিয়ম মেনে করা আবশ্যক। কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য বা প্রমাণ জোগাড় করার আগের পর্যায়ে প্রতিরোধমূলক আটক ব্যবহার করা আইনসম্মত নয়। এরপরই আদালত ওই চালকের বিরুদ্ধে জারি করা আটকাদেশ খারিজ করে দেয়।