পুবের কলম, তিরুবনন্তপুরম: কেরলে ডিজে পার্টি এবং নাইটলাইফ বা নৈশ সংস্কৃতিকে টার্গেট করে পুলিশের কড়াকড়ি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কেরল হাইকোর্ট। আদালত সাফ জানিয়েছে, ডিজে পার্টি বা নাইটলাইফের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা অবাস্তব এবং তা অতিরিক্ত বাড়াবাড়ি। পুলিশ ডিজে পার্টিগুলিকে যে চোখে দেখছে, তা একপ্রকার গতানুগতিক অন্ধ ধারণা ছাড়া কিছু নয়। নাচ বা গান শুনলেই সেখানে মাদক সেবন করা হয়—এমন ধারণার কোনো আইনি ভিত্তি থাকতে পারে না বলে মন্তব্য করেছে আদালত।
আরও পড়ুন:
মামলা অনুযায়ী, আবগারি দপ্তরের অনুমতি নিয়ে কেরলে ‘র্যাডিসন ব্লু হোটেল’-এর বার রাত ৩টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও পুলিশ সেখানে গভীর রাতের ডিজে অনুষ্ঠানগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করে নোটিশ পাঠায়।
হোটেল কর্তৃপক্ষ ওই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়। সোমবারের শুনানিতে বিচারপতি দেভান রামচন্দ্রন এবং বিচারপতি বসন্ত বালাজির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের কাছে জানতে চায়, ডিজে পার্টি নিয়ন্ত্রণ করার মতো সুনির্দিষ্ট কোনো আইন রাজ্যে বলবৎ আছে কি না। বিচারপতি মন্তব্য করেন, "নির্দিষ্ট করে শুধু ডিজে পার্টির ওপর আপত্তি কেন? আপনারা বলছেন সেখানে ডিজে পার্টি করা যাবে না, অথচ সেখানে মদ পরিবেশন করায় আপনাদের কোনো আপত্তি নেই, কারণ সরকার সেখান থেকে রাজস্ব পায়! তাহলে কি আমাদের বলতে হবে যে বারে কেউ নাচতে বা গান শুনতে পারবে না? গান শোনা বা নাচানাচি করলেই কি মাদক সেবন শুরু হয়ে যায়? এমনকি মন্দির বা গির্জাতেও কি মানুষ নাচে না?"আরও পড়ুন:
ডিজে পেশাকে একটি সম্মানজনক পেশা হিসেবে দেখার পক্ষে সওয়াল করে আদালত আরও বলে, মানুষ সেখানে একটু ভালো সময় কাটাতে যায়। সিনেমা দেখা বা এ ধরনের অনুষ্ঠান ছাড়া রাতে কেরলের মানুষ আর কোথায় যাবে? কেরল পুলিশ কি তবে রাজ্যে কোনো নাইটলাইফ জীবনযাত্রা রাখতে চায় না?—এমন প্রশ্নও তোলে আদালত। আগামী ২০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।