প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনও ধরনের জোট বা সহযোগিতার বিরোধিতা করলেও, গোপনে সেই আরব নেতাদেরই সমর্থন চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের সম্ভাবনা ঠেকাতে আরব আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেল। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি করেছেন জয়েন্ট লিস্টের সংসদ সদস্য আহমাদ তিবি। এ সময় নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীর পাঠানো একাধিক ব্যক্তিগত বার্তাও প্রকাশ্যে আনেন তিনি।

তিবির দাবি, গত ২৭ অক্টোবরের নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটগ্রহণের পরদিন এবং চূড়ান্ত ফলাফল প্রকাশের পরও নাতান এশেল তাঁকে একাধিক বার্তা পাঠিয়েছিলেন। সাক্ষাৎকারে নিজের মোবাইল ফোন ক্যামেরার সামনে তুলে ধরে সেই বার্তাগুলি দেখান তিনি। যদিও সম্প্রচারের সময় কম রেজোলিউশনের কারণে বার্তার লেখাগুলি স্পষ্টভাবে পড়া যায়নি। তিবির অভিযোগ, এই বার্তাগুলিই প্রমাণ করে যে প্রকাশ্যে আরব দলগুলিকে অগ্রহণযোগ্য বলে প্রচার করলেও রাজনৈতিক স্বার্থে তাদের সমর্থন পেতে পিছপা হননি নেতানিয়াহুর দল লিকুদ।

তিবি জানান, সাধারণত ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে আনতে চান না তিনি। কিন্তু গত ১০ নভেম্বর নবনির্বাচিত পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর বক্তব্য শোনার পর বিষয়টি সামনে আনতে বাধ্য হয়েছেন। ওই ভাষণে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান এবং রা’আম বা জয়েন্ট লিস্টের সমর্থনের ওপর নির্ভরশীল কোনও জোট গঠনের বিরোধিতা করেন।

পাশাপাশি আরব আইনপ্রণেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়া, ইসরায়েলের ধ্বংস চাওয়া এবং নির্বাচনে ভোট চুরির মতো গুরুতর অভিযোগ তোলেন তিনি। নেতানিয়াহুর বক্তব্যের তীব্র সমালোচনা করেন আইজেনকোট। তাঁর ভাষণকে ঘৃণাপূর্ণ এবং আরব দলগুলিকে নিয়ে করা মন্তব্যকে বর্ণবাদী ও উসকানিমূলক বলে আখ্যা দেওয়া হয়।

নেতানিয়াহুকে সরাসরি ‘ভণ্ড’ আখ্যা দিয়ে তিবি বলেন, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটের পরদিন এবং ফলাফল প্রকাশের পরও নেতানিয়াহু তাঁর ব্যক্তিগত উপদেষ্টাকে তিবির সঙ্গে যোগাযোগ করতে পাঠিয়েছিলেন।

তিবি আরও দাবি করেন, চলতি সপ্তাহেও নেতানিয়াহু সরকারের এক মন্ত্রী তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই মন্ত্রী আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিতে এবং দেশকে নতুন নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। মন্ত্রীর বক্তব্য ছিল, আইজেনকোটের শিবির আরব দলগুলিকে জোটে নেবে না। তাই নতুন নির্বাচনের পথে যাওয়াই ভালো।

তবে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে তিবি স্পষ্ট জানান, জয়েন্ট লিস্ট নতুন নির্বাচন চায় না। তাঁদের লক্ষ্য নেতানিয়াহু এবং উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরকে ক্ষমতা থেকে সরানো। তাঁর অভিযোগ, শিন বেত প্রধান ডেভিড জিনির সহায়তায় বেন গভির ইসরায়েলের প্রায় ২০ লাখ আরব নাগরিকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে উসকানিমূলক অবস্থান নিচ্ছেন।

অন্যদিকে, তিবির সমস্ত অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেছে ক্ষমতাসীন লিকুদ পার্টি। চ্যানেল ১২-কে দেওয়া প্রতিক্রিয়ায় দলটি জানিয়েছে, আরব দলগুলি নিজেদের রাজনৈতিক বৈধতা প্রতিষ্ঠার জন্য মিথ্যাচার করছে। লিকুদের দাবি, যারা ইসরায়েলের জাতীয় সংগীতকে অসম্মান করে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর ক্ষতি করে, তাদের সঙ্গে দলটি কোনও সহযোগিতা করে না।

নির্বাচনে আরব দলগুলির বিরুদ্ধে নেতানিয়াহুর ভোট চুরির অভিযোগও খারিজ করেছেন তিবি। তাঁর কথায়, ‘কেবল একজন চোরই অন্যকে চোর বলতে পারে।’ তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর এই ধরনের মন্তব্যের উদ্দেশ্য আরব জনগণের নেতৃত্বকে অবৈধ হিসেবে তুলে ধরা এবং দেশের প্রায় ২০ লাখ আরব নাগরিককে রাজনৈতিকভাবে কোণঠাসা করা।

উল্লেখ্য, ২৭ অক্টোবরের নির্বাচনের পর লিকুদ পার্টি ভোট কেনা এবং বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল। তবে নির্বাচন কর্মকর্তারা ফলাফলে কারচুপির কোনও প্রমাণ পাননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারাও জানিয়েছিলেন, নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে এমন কোনও তথ্য তাঁর নজরে আসেনি।

নির্বাচনে আরব ভোটারদের ব্যাপক অংশগ্রহণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিবি বলেন, বিদায়ী সরকারের দমন-পীড়ন ও উসকানির বিরুদ্ধে ক্ষোভ থেকেই আরব জনগণ বিপুল সংখ্যায় ভোট দিতে এসেছেন। তাঁর মতে, সমাজে সহিংস অপরাধ বৃদ্ধি, বেন গভির ও বেজালেল স্মোট্রিচের মতো উগ্র ডানপন্থী নেতাদের বক্তব্য এবং আরব জনগোষ্ঠীর অস্তিত্বের সংকট ভোটারদের রাজনৈতিকভাবে আরও সক্রিয় করেছে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে চ্যানেল ১২-এর আরেকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, নাতান এশেল নির্বাচনের আগে, ভোট চলাকালীন এবং ফলাফল প্রকাশের পর রা’আম দলের চেয়ারম্যান মনসুর আব্বাসের সঙ্গেও একাধিকবার যোগাযোগ করেছিলেন। আইজেনকোটকে সরকার গঠনে সহায়তা না করতে এবং দুর্নীতির মামলায় অভিযুক্ত কোনও আইনপ্রণেতাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া থেকে বিরত রাখার প্রস্তাবিত আইনে সমর্থন না জানাতে আব্বাসকে অনুরোধ করা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়। আব্বাস প্রথমে নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করার কথা জানান। পরে এশেলের বার্তার জবাব দেওয়া বন্ধ করে দেন।

তবে নাতান এশেল নেতানিয়াহুর পক্ষ থেকে কোনও বার্তা পাঠানোর অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ব্যক্তিগত কৌতূহল থেকেই কয়েকজন আরব নেতাকে তিনি প্রশ্ন করেছিলেন, যারা তাঁদের জোটে নিতে চায় না, আত্মসম্মানবোধ থাকলে তাঁদের সমর্থন কীভাবে দেওয়া সম্ভব?

সাক্ষাৎকারে ‘ইসরায়েল বেইতেনু’ দলের প্রধান আভিগদর লিবারম্যানের অবস্থানেরও সমালোচনা করেন তিবি। লিবারম্যান আরব দলগুলির সঙ্গে রাজনৈতিক সমঝোতায় বসতে অস্বীকার করলেও, অতীতে তাঁদের সমর্থনেই ‘পরিবর্তন সরকারে’ অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। এমনকি আরব আইনপ্রণেতাদের ভোটেই নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির প্রধান নির্বাচিত হয়েছিলেন বলে স্মরণ করিয়ে দেন তিবি। তাঁর মতে, লিবারম্যানের এই অবস্থানও দ্বিচারিতার পরিচয়।

অন্যদিকে, লিবারম্যান আরব দলগুলির সমর্থনের ওপর নির্ভরশীল সরকারে যোগ দিতে নারাজ হলেও নেতানিয়াহুর শাসনের অবসান এবং নতুন নির্বাচন এড়াতে অতি-রক্ষণশীল হারেদি দলগুলির সঙ্গে জোট গঠনের বিষয়ে নমনীয় মনোভাব দেখিয়েছেন। পাশাপাশি তাঁদের বাধ্যতামূলক সামরিক পরিষেবায় অন্তর্ভুক্তির প্রশ্নেও ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।