আজ কৃষ্ণনগরের চাষাপাড়ার ঐতিহ্যবাহী ‘বুড়িমা’র পুজো উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পাশাপাশি শহরের আরও চারটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করবেন তিনি। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়েছে। সাজিয়ে তোলা হচ্ছে পুজোমণ্ডপ ও সংলগ্ন এলাকা। একই সঙ্গে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণের ব্যবস্থা।
আরও পড়ুন:
এর আগে চন্দননগর থেকে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন কর্মসূচি শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী।
এরপর বিভিন্ন জেলায় একের পর এক পুজোর উদ্বোধন করছেন তিনি। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার পাঁচটি পুজোর উদ্বোধন করেন। মঙ্গলবার তাঁর গন্তব্য নদিয়ার কৃষ্ণনগর। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর দেড়টা নাগাদ চাষাপাড়ায় পৌঁছনোর কথা তাঁর।আরও পড়ুন:
‘বুড়িমা’র পুজোকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই প্রতিমার সাজসজ্জার কাজ চলেছে জোরকদমে। আগেই সম্পন্ন হয়েছে চক্ষুদান পর্ব।
অষ্টমী থেকে মূল পুজো শুরু হলেও তার আগেই মণ্ডপে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে। মুখ্যমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করেছেন পুজো উদ্যোক্তারা। তাঁদের দাবি, এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় ‘বুড়িমা’কে দর্শন করতে আসছেন।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীকে বরণ করার জন্যও থাকছে বিশেষ আয়োজন। বাঙালিয়ানার ঐতিহ্য মেনে ঢাকের বাদ্যি, লালপাড় সাদা শাড়ি পরিহিত মহিলাদের বরণ এবং মন্দিরের প্রবেশপথে পুষ্পবৃষ্টির মাধ্যমে তাঁকে স্বাগত জানানোর পরিকল্পনা রয়েছে। চাষাপাড়া পুজো কমিটির সভাপতি কেষ্ট পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি প্রায় চূড়ান্ত।
আরও পড়ুন:
এদিকে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে চাষাপাড়া ও সংলগ্ন এলাকায় জোরদার করা হচ্ছে নিরাপত্তা। ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি যান চলাচলেও বিধিনিষেধ জারি করা হতে পারে। কারমাইকেল স্কুলের সামনে দিয়ে রামজে রোডের প্রবেশপথ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে। কালীচরণ লাহিড়ী লেন এবং দীপু বন্দ্যোপাধ্যায় লেনেও গার্ডরেল বসিয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। নিরাপত্তার কারণে মুখ্যমন্ত্রী মন্দিরে পৌঁছনোর পর ভিতরে পাঁচজনের বেশি কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানা গিয়েছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কৃষ্ণনগরে এখন চূড়ান্ত ব্যস্ততা।