উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে ঋষিকেশ-বদরীনাথ জাতীয় সড়কে টিহরি গঢ়ওয়াল জেলার গুলার বাজারের কাছে একটি সেতু থেকে প্রায় ১০০ মিটার নীচে নদীখাতে পড়ে যায় যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। বাসটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, পাহাড়ি রাস্তা ধরে যাওয়ার সময় গুলার বাজারের কাছে একটি সেতু পার হওয়ার মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এরপর সেতু থেকে ছিটকে প্রায় ১০০ মিটার নীচে নদীর ধারে গিয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা।

উদ্ধারকাজে নেমেছে উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন টিহরি গঢ়ওয়ালের জেলাশাসক নিতিকা খন্ডেলবল এবং সিনিয়র পুলিশ সুপার শ্বেতা চৌবে-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। বাসের ভিতরে বা দুর্ঘটনাস্থলের আশপাশে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার রাতেও উত্তরাখণ্ডে অন্য একটি পথ দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছিল। রুদ্রপ্রয়াগ জেলায় পোখারি থেকে রানসির দিকে যাওয়ার সময় একটি চারচাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন। পরপর দু’টি দুর্ঘটনায় উত্তরাখণ্ডে শোকের ছায়া নেমে এসেছে।