আদালত ও বিচারপতিদের নিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করে আইনি জটিলতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত অবমাননার অভিযোগে তাঁকে শোকজ করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের নির্দেশ, আগামী ১৫ দিনের মধ্যে শোকজের জবাব দিতে হবে অভিষেককে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ করা হতে পারে।

এই মামলার পরবর্তী শুনানি ৮ ডিসেম্বর।

ঘটনার সূত্রপাত গত ৭ নভেম্বর। ওই দিন এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, কালীঘাটে তাঁর বাড়ির সামনে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির আনাগোনা এবং বাড়ি লক্ষ্য করে হামলার মতো ঘটনা ঘটেছে।

সেই পোস্টেই কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দুই আদালতকে ‘নীরব দর্শক’ বলে কটাক্ষ করেন তিনি। অভিষেকের ওই মন্তব্য নিয়েই আপত্তি জানায় আদালত।

বিচারপতি কৃষ্ণা রাওয়ের পর্যবেক্ষণ, অভিষেকের ওই মন্তব্য বিচারব্যবস্থা ও বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সামিল এবং তা আদালত অবমাননার পর্যায়ে পড়তে পারে। কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে না, সেই মর্মেই শোকজ করা হয়েছে তৃণমূল সাংসদকে।

আদালতের আরও পর্যবেক্ষণ, অভিষেক নিজেই হাই কোর্টে একাধিক মামলার বিচারপ্রার্থী। সেই জায়গা থেকে বিচারব্যবস্থা সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে তাঁর আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের মন্তব্য প্রত্যাশিত নয় বলেও পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে।

এখন নজর অভিষেকের জবাবের দিকে। আগামী ১৫ দিনের মধ্যে তাঁকে আদালতের নোটিসের জবাব দিতে হবে। এরপর ৮ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানিতে বিষয়টি নিয়ে কী অবস্থান নেয় কলকাতা হাই কোর্ট, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক ও আইনজীবী মহল।