পুবের কলম ওয়েব ডেস্ক: মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি জি আর স্বামীনাথন এবং মাদুরাইয়ের সিপিএম সাংসদ সু ভেঙ্কটেশনের মধ্যে তীব্র বাগযুদ্ধ শুরু হয়েছে। সোমবার একটি মামলার শুনানিতে ওই কমিউনিস্ট সাংসদের বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলে তাঁকে ভর্ৎসনা করেন বিচারপতি স্বামীনাথন।
ঘটনার সূত্রপাত তামিলনাড়ুর সরকারি গ্রন্থাগারের জন্য বই কেনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। সম্প্রতি একটি অনুষ্ঠানে বিচারপতি স্বামীনাথন মন্তব্য করেছিলেন, বিতর্কিত বইগুলি সরিয়ে সেখানে প্রয়াত কাঞ্চি শঙ্করাচার্যের আধ্যাত্মিক বই রাখা যেতে পারে।
এই মন্তব্যের প্রেক্ষিতেই সোমবার আদালতে বিচারপতি স্বামীনাথন সাংসদের ব্যক্তিগত জীবনযাত্রা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, নিজেকে কমিউনিস্ট নেতা দাবি করলেও ভেঙ্কটেশন দামি মার্সিডিজ-বেঞ্জ গাড়িতে ঘোরেন এবং নামী ব্র্যান্ডের পোশাক পরেন। বিচারপতির দাবি, তিনি নিজে স্লিপার ক্লাসে যাতায়াত করলেও ওই কমিউনিস্ট সাংসদ ট্রেনে ফার্স্ট ক্লাস এসিতে ভ্রমণ করেন। পাশাপাশি, বই সংক্রান্ত তাঁর আগের মন্তব্যটি নিছক রসিকতা ছিল বলেও বিচারপতি স্পষ্ট করেন।
অন্যদিকে, বিচারপতির এই ভর্ৎসনার পর সাংসদ ভেঙ্কটেশন পালটা জবাব দিয়েছেন। তাঁর দাবি, ওই মার্সিডিজ গাড়িটি তাঁর নিজের নয়। এছাড়া একজন সাংসদ হিসেবে ফার্স্ট ক্লাস এসিতে যাতায়াত করা তাঁর সাংবিধানিক অধিকারের মধ্যেই পড়ে বলে তিনি জানিয়েছেন।