পুবের কলম ওয়েব ডেস্ক: মালদহের মোথাবাড়ি কাণ্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে ফের তলব করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। শুধু তাঁকেই নয়, জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তাঁর স্বামী মহম্মদ মেহবুব আলমকেও। আগামী সপ্তাহে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে।
গত ১ এপ্রিল এসআইআর (SIR) প্রক্রিয়া চলার সময় মালদহের কালিয়াচকের মোথাবাড়ি এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ ওঠে, সঠিক নথি থাকা সত্ত্বেও অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছিল।
এই ঘটনায় মোট ১২টি মামলা দায়ের করা হয়। ইতিমধ্যেই দুটি মামলায় চার্জশিট জমা দিয়েছে এনআইএ। একটি মামলায় ২২ জনের বিরুদ্ধে ৫৪ পাতার এবং অন্যটিতে ১ জনের বিরুদ্ধে ১১ পাতার চার্জশিট পেশ করা হয়েছে। চার্জশিটে মোট ২৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কর্মীর ওপর হামলা, বেআইনিভাবে আটকে রাখা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর সাবিনা ইয়াসমিনকে কালিয়াচক থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল এনআইএ। তবে তাঁর স্বামীর অসুস্থতার কারণে তিনি সে সময় কলকাতায় থাকায়, কলকাতার এনআইএ দপ্তরে গিয়ে হাজিরা দিয়েছিলেন। এবার এই ঘটনার তদন্তে ফের সাবিনা ও তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকল তদন্তকারী সংস্থা।