পুবের কলম ওয়েব ডেস্ক: ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় বিলকিস বানুকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের সাত সদস্যকে হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবারের এই রায়ের পরেই মুখ খুললেন বিলকিস। তিনি শীর্ষ আদালতের এই সিদ্ধান্তে গভীর কষ্ট, হতাশা ও বিস্ময় প্রকাশ করেছেন বিলকিস। তাঁকে না জানিয়েই শীর্ষ আদালত এই নির্দেশ দেওয়ায় তিনি ক্ষুব্ধ। তিনি এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আপিল করবেন বলে জানিয়েছেন।
গত ২৮ অক্টোবর সুপ্রিম কোর্ট ওই দুই আসামির সাজা স্থগিতের নির্দেশ দেয়। ১৭ বছরেরও বেশি সময় ধরে তাদের কারাবাস এবং এক অপরাধীর গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার কারণ দেখিয়ে আদালত তাদের জামিন মঞ্জুর করেছে। তবে তাদের দোষী সাব্যস্ত হওয়ার রায় বহাল রয়েছে।
সোমবার আইনজীবী শোভা গুপ্তের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিলকিস বলেন, "আমি বিশ্বাস করতে পারছি না যে আমাকে না জানিয়ে বা আমার কথা না শুনেই সুপ্রিম কোর্ট দ্বিতীয়বারের জন্য এমন নির্দেশ দিল। আমি সংবাদমাধ্যমের মাধ্যমে এই খবর জানতে পেরেছি।" যাঁরা তাঁর সঙ্গে এমন জঘন্য অপরাধ করেছে, তাদের সাজা কীভাবে স্থগিত হতে পারে, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। বিলকিস জানিয়েছেন, তিনি আবারও তাঁর এবং তাঁর সন্তানদের নিরাপত্তা নিয়ে ভীত হয়ে পড়েছেন। ন্যায়বিচারের প্রতি তিনি আস্থা হারাচ্ছেন বলেও আক্ষেপ করেন।
২০০২ সালের ওই ভয়াবহ ঘটনার সময় ১৯ বছর বয়সী বিলকিস পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। প্রাণ বাঁচানোর চেষ্টাকালে তাঁকে গণধর্ষণ করা হয় এবং তাঁর তিন বছরের শিশুকন্যা সালেহা-সহ পরিবারের সাত সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। দীর্ঘ ২৪ বছর ধরে ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাওয়া বিলকিস জানিয়েছেন, তিনি তাঁর পরিবার, তাঁর মৃত শিশুকন্যা এবং বিশ্বের সমস্ত নারীর প্রতি ন্যায়বিচারের স্বার্থে সুপ্রিম কোর্টের এই রায়কে আইনিভাবে চ্যালেঞ্জ জানাবেন।