পুবের কলম ওয়েব ডেস্ক: মঙ্গলবার সকালে পূর্ব দিল্লির কস্তুরবা নগর এলাকায় একটি বাড়ির ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। এই ঘটনায় তিন বছরের এক শিশু-সহ অন্তত দুজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে রয়েছেন আরও ৬ জন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল।
জানা গিয়েছে, রেল মন্ত্রকের অধীনস্থ জমিতে গড়ে ওঠা ওই বাড়িটিতে আটজন ভাড়া থাকতেন।

মঙ্গলবার সকালে আচমকাই বাড়িটির ছাদ ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় পরিবারের সকলেই ঘরের ভেতর ছিলেন, যার ফলে সবাই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। স্থানীয়দের পাশাপাশি দমকল ও উদ্ধারকারী দল দ্রুত উদ্ধারকাজে হাত লাগায়। ইতিমধ্যেই দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের নিরাপদে বের করে আনার চেষ্টা চলছে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিজেপি কাউন্সিলর পঙ্কজ লুথরা। তিনি এই ঘটনার জন্য অবৈধ দখলদারিকেই দায়ী করেছেন। তাঁর দাবি, গত পাঁচ-ছয় দশক ধরে রেলের ওই জমি দখল করে বেআইনিভাবে এই ধরনের নির্মাণকাজ চলছে।
প্রসঙ্গগত, সম্প্রতি দিল্লিতে পরপর বেশ কয়েকটি নির্মাণ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। গত রবিবার পাহাড়গঞ্জে একটি নির্মীয়মাণ হোটেলের একাংশ ভেঙে আটজন শ্রমিক আহত হন। এর আগে সেপ্টেম্বরে সত্য নিকেতন এলাকায় একটি হস্টেল ভবন ভেঙে সাতজনের মৃত্যু হয়েছিল।