পুবের কলম, ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশের ডঃ বি.আর. আম্বেদকর কোণাসীমা জেলায় রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন’ (ONGC)-এর একটি ড্রিলিং কূপ থেকে ভয়াবহ গ্যাস নির্গমনের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল আশপাশের গ্রামগুলিতে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ রাজোল বিধানসভা কেন্দ্রের মামিদিকুদুরু মণ্ডলের নাগারাম গ্রামের অদূরে তাদিভারিমেরাকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রচণ্ড বিস্ফোরণের মতো শব্দের সঙ্গে প্রবল বেগে গ্যাস আকাশের দিকে উঠতে শুরু করলে গোটা এলাকায় হুলস্থুল পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে দুর্ঘটনাস্থলের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সমস্ত বাসিন্দাকে অবিলম্বে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, গেদাদা-মামিদিকুদুরু হাইওয়ের ধারে অবস্থিত ওএনজিসি-র ওই রিগ থেকে গ্যাস বেরোতে দেখে গেদাদা গ্রামের বাসিন্দা এবং ওই পথ দিয়ে যাতায়াতকারী যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাণ বাঁচাতে মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে শুরু করেন।

যেকোনো ধরনের অগ্নিকাণ্ড বা বড়সড় দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তরফে সংলগ্ন এলাকার বাসিন্দাদের বাড়ির আলো না জ্বালাতে এবং কোনো ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করার জন্য কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এখনও পর্যন্ত ঘটনাস্থলে আগুন লাগার কোনো খবর পাওয়া যায়নি এবং ওএনজিসি আধিকারিকরা জানিয়েছেন যে কূপের মূল মুখ বা ‘ওয়েলহেড’ অক্ষত রয়েছে।

ঘটনার খবর পাওয়া মাত্রই উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু। তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে দ্রুত ও নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। জনসুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।