পুবের কলম, ওয়েবডেস্ক: তেলেঙ্গানার হায়দরাবাদে ইজরায়েলি প্রযুক্তি সংস্থাগুলির অংশগ্রহণে আয়োজিত একটি অনুষ্ঠানের বিরোধিতা করায় স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন (এসআইও) তেলেঙ্গানা এবং অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস (এপিসিআর)-এর সঙ্গে যুক্ত তিন কর্মীকে আটক করল তেলেঙ্গানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন এসআইও তেলেঙ্গানার রাজ্য ক্যাম্পাস সম্পাদক মহম্মদ তাজ এবং রাজ্য সম্পাদক তাকিউদ্দিন জায়েদ, যাঁদের হায়দরাবাদের মীরচক  পুলিশ হেফাজতে নিয়েছিল। অন্যদিকে, আদিলাবাদ জেলার ইচোদা শহর থেকে পৃথকভাবে আটক করা হয় এপিসিআর-এর রাজ্য কো-অর্ডিনেটর ওমর ফারুককে। তবে চারমিনার কেন্দ্রের এআইএমআইএম বিধায়ক মীর জুলফিকার আলির হস্তক্ষেপের পর সোমবার সকালেই ওই তিন কর্মীকে ছেড়ে দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা রুজু করা হয়নি।

সম্প্রতি নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে তেলেঙ্গানা রাজ্য সরকারের কাছে হায়দরাবাদের স্টার্টআপ ইনকিউবেটর ‘টি-হাব’-এ প্রস্তাবিত ইজরায়েলি প্রতিনিধি দলের অনুষ্ঠানটি বাতিল করার দাবি জানানো হয়েছিল। উল্লেখ্য, সোমবার, ১৬ নভেম্বর হায়দরাবাদের ‘টি-হাব’-এ ২০টি ইজরায়েলি প্রযুক্তি সংস্থার একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এই সম্মেলনে অংশগ্রহণকারী সংস্থাগুলির মধ্যে অন্তত পাঁচটি সংস্থা গাজা এবং অধিকৃত প্যালেস্তাইন ভূখণ্ডে ইজরায়েলি সামরিক বাহিনীর ব্যবহৃত সরঞ্জাম, সফটওয়্যার কিংবা প্রযুক্তিগত পরিষেবা সরবরাহ করে।

ইজরায়েলি সামরিক অভিযানের সঙ্গে এই সংস্থাগুলির কথিত যোগসূত্রের খবর প্রকাশ্যে আসার পর থেকেই হায়দরাবাদের মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের সংগঠনগুলি এই অনুষ্ঠানের তীব্র বিরোধিতা শুরু করেছে। তাঁদের দাবি, এমন সংস্থাগুলিকে সরকারি মঞ্চে জায়গা দেওয়া অনৈতিক এবং অবিলম্বে এই অনুষ্ঠান বাতিল করা উচিত।