পুবের কলম ওয়েব ডেস্ক: মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল নিয়ে সংসদের ভেতরে-বাইরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। বিল পাসের জন্য কেন্দ্র যখন বিরোধীদের সমর্থন জোগাড় করতে তৎপর, তখন ইন্ডিয়া জোট নিজেদের ঐক্য ধরে রাখতে মরিয়া। সোমবার দিল্লিতে সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলঙ্গিং: এ জার্নি অফ লাভ’-এর প্রকাশ অনুষ্ঠান কার্যত বিরোধী জোটের শক্তি প্রদর্শনের মঞ্চ হয়ে ওঠে। অনুষ্ঠানে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এনসিপি (শরদ) নেত্রী সুপ্রিয়া সুলে-সহ বিভিন্ন বিরোধী দলের প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন। শরিকদের বাড়তি গুরুত্ব বোঝাতে প্রিয়াঙ্কা গান্ধীর বদলে অখিলেশ, সুপ্রিয়া ও অভিষেককে সামনের সারিতে বসানো হয়।


তবে বিরোধী ঐক্যের মাঝেই জল্পনা বাড়িয়েছে শাসক শিবিরের তৎপরতা। সোনিয়া গান্ধীর অনুষ্ঠানের দিনেই অমিত শাহর একটি অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন সুপ্রিয়া সুলে। রাজনৈতিক মহলে গুঞ্জন, আসন পুনর্বিন্যাস বিলে তিনি শর্তসাপেক্ষে সমর্থন জানাতে পারেন। অন্যদিকে, আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে অখিলেশ যাদবও অবস্থান বদলে কেন্দ্রকে সমর্থন করতে পারেন বলে জল্পনা চলছে। কংগ্রেসের আশঙ্কা, মহিলা সংরক্ষণের সুযোগ নিয়ে বিরোধীদের একাংশকে পাশে টেনে সীমানা পুনর্বিন্যাস বিলটিও পাস করিয়ে নিতে পারে সরকার।
তাই জোটের ভাঙন ঠেকাতে সপা এবং সুপ্রিয়া সুলের সঙ্গে দফায় দফায় আলোচনা চালাচ্ছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।
এদিকে বসে নেই কেন্দ্রীয় সরকারও। বিরোধী শিবিরের পাশাপাশি নির্দল সাংসদদের সমর্থন আদায়েও আসরে নেমেছে তারা। অমিত শাহ ইতিমধ্যেই শিবসেনা (ইউবিটি) সাংসদ অরবিন্দ সাওয়ন্ত এবং এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে কথা বলেছেন। সব মিলিয়ে নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতে সংসদের যে শীতকালীন অধিবেশন বসার সম্ভাবনা রয়েছে, সেখানে এই জোড়া বিল নিয়ে শাসক-বিরোধী দুপক্ষের মধ্যেই জোরদার দড়ি টানাটানির সম্ভাবনা রয়েছে।