পুবের কলম ওয়েব ডেস্ক: প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হামের প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। এর মাঝেই খারাপ খবর মিলেছে আমেরিকা থেকেও। ২০০০ সালে সফল টিকাদান কর্মসূচির মাধ্যমে আমেরিকা থেকে হাম সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়েছিল। কিন্তু আড়াই দশক পর দেশটিতে ফের এই মারণ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গিয়েছে।

সেখানে ইতিমধ্যেই ৫ হাজার ৪০০-র বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছেন এবং অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে।
বিশেষজ্ঞদের মতে, টিকাদানে অনীহা এবং ভুল তথ্যের প্রচারের কারণেই আমেরিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া ৯৫ শতাংশ টিকাদানের লক্ষ্যমাত্রা এখন অনেকটাই কমে গিয়েছে। টিকা আবিষ্কারের আগে আমেরিকায় প্রতি বছর ৩০ থেকে ৪০ লক্ষ মানুষ হামে আক্রান্ত হতেন এবং ৪০০ থেকে ৫০০ জনের মৃত্যু হত। বর্তমান পরিস্থিতিতে একটি উন্নত দেশে হামের এই প্রত্যাবর্তন স্বাভাবিকভাবেই নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে।

অন্যদিকে, হামের লাগাতার প্রাদুর্ভাব রুখতে বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু করেছে। তবে পরিস্থিতির বিশেষ উন্নতি না হওয়ায় সেখানে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সাধারণত দুর্বল স্বাস্থ্য পরিকাঠামোর দেশগুলিতে হামের দাপট দেখা যায়। কিন্তু আমেরিকার মতো ধনী দেশে এর ফিরে আসা প্রমাণ করে যে, টিকাদানে ঘাটতি ও সচেতনতার অভাব থাকলে এই সংক্রামক ভাইরাস যে কোনও সীমানা পেরিয়ে ভয়াবহ রূপ নিতে পারে।