পুবের কলম ওয়েব ডেস্ক: ডিসেম্বর মাসকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক মহল ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পর থেকেই বাংলাদেশে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ পুনরায় সংঘটিত হতে শুরু করেছে। দেশের পাশাপাশি বিদেশেও দলটির কর্মী-সমর্থকদের সক্রিয়তা চোখে পড়ার মতো। সম্প্রতি লন্ডনে এমন একটি ঘটনার জেরে বাংলাদেশের ছাত্রনেতা ও সংসদ সদস্য নাহিদ ইসলামকে রীতিমতো তাড়া খেয়ে পালাতে হয়েছে বলে খবর পাওয়া গেছে।


ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সংসদ সদস্য নাহিদ ইসলাম সম্প্রতি লন্ডনে যান। সেখানকার মেফেয়ার হলে ব্রিটিশ-বাংলাদেশিদের আয়োজিত একটি অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তাঁকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। জানা যায়, লন্ডনের রমফোর্ডের রাস্তায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা নাহিদকে তাড়া করেন। এই সময় নাহিদের অনুগামীদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের হাতাহাতি বেধে যায় এবং প্রায় ২০ মিনিট ধরে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি চলে।
এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। শেষ পর্যন্ত পরিস্থিতি বেগতিক দেখে নাহিদ ইসলাম দ্রুত ওই এলাকা ছাড়তে বাধ্য হন।
লন্ডনের রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনা প্রমাণ করছে যে, দেশের বাইরেও আওয়ামী লীগের সমর্থকরা যথেষ্ট সক্রিয় রয়েছেন। ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনাকে ঘিরে আওয়ামী লীগ শিবির যেভাবে গোপনে শক্তি সঞ্চয় করছে, এই ঘটনা তারই একটি বহিঃপ্রকাশ বলে মনে করছে রাজনৈতিক মহল। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী ডিসেম্বর মাস বাংলাদেশের রাজনীতির জন্য কতটা ঘটনাবহুল হতে চলেছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলছে এই ধরনের ঘটনাগুলি থেকে।