পুবের কলম ওয়েব ডেস্ক: হুগলির গুড়াপে পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত অশোক সিংহের ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের ফাঁসির নির্দেশকেই মান্যতা দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০০৪ সালে হেতাল পারেখ খুনের মামলায় ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির পর দীর্ঘ দুই দশক পেরিয়ে ফের মৃত্যুদণ্ডের নির্দেশ বহাল রাখল কলকাতা হাই কোর্ট।
২০২৪ সালে হুগলির গুড়াপে ওই শিশুকন্যাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে।
তবে আদালত স্পষ্ট জানিয়েছে, আগামী তিন মাস এই ফাঁসির নির্দেশ কার্যকর করা যাবে না। এই নির্দিষ্ট সময়ের মধ্যে সাজাপ্রাপ্ত অশোক সিংহ চাইলে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারবে। দীর্ঘ ২২ বছর পর হাই কোর্টের এই ফাঁসির সাজা বহাল রাখার রায় বিচারব্যবস্থায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।