পুবের কলম, ওয়েবডেস্ক: ২০০২ সালের গুজরাট দাঙ্গার বহুলচর্চিত বিলকিস বানো গণধর্ষণ ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার মামলায় দুই দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা স্থগিত করে তাঁদের জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তে গভীর বিস্ময়, অবিশ্বাস এবং আতঙ্ক প্রকাশ করেছেন বিলকিস বানো। তাঁর অভিযোগ, এই নির্দেশ দেওয়ার আগে তাঁকে কোনো তথ্য জানানো হয়নি এবং আদালতে তাঁর বক্তব্য শোনার কোনো সুযোগও দেওয়া হয়নি।
আরও পড়ুন:
নিজের আইনজীবী প্রবীণ অ্যাডভোকেট শোভা গুপ্তার মাধ্যমে এক বিবৃতিতে বিলকিস বানো তাঁর গভীর বেদনা ও ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন, "আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আরও একবার, দ্বিতীয়বারের মতো সুপ্রিম কোর্ট আমাকে না ডেকে এবং আমার কথা না শুনেই একটি নির্দেশ দিয়ে দিল।
আমি সংবাদমাধ্যমের খবর থেকে এই বিষয়ে জানতে পেরেছি।"আরও পড়ুন:
২০০২ সালের ভয়াবহ দাঙ্গার স্মৃতিচারণ করে বিলকিস জানান, মাত্র ১৯ বছর বয়সে তিনি তাঁর পরিবার, ঘরবাড়ি এবং নিরাপত্তার বোধ হারিয়েছিলেন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, "পরিবার ও বন্ধুদের ভালোবাসায় আমি ধ্বংসস্তূপ থেকে নিজের জীবন নতুন করে গড়ে তুলেছিলাম। আমি শান্তির খোঁজ করেছিলাম, হাসতে শিখেছিলাম। কিন্তু আজ দেখছি, যে ন্যায়বিচার আমি এত কষ্ট করে অর্জন করেছিলাম, তা আবার হারিয়ে ফেলছি।
চেনা ভয়গুলো আবার ফিরে আসছে। আমি আবার ভয় পাচ্ছি—নিজের জন্য, আমার পরিবারের জন্য এবং আমার সন্তানদের জন্য। আর সবচেয়ে বড় কথা, আমি আবার বিচারব্যবস্থার ওপর আস্থা হারানোর ভয় পাচ্ছি।"আরও পড়ুন:
ভুক্তভোগীকে অন্ধকারে রেখে এবং তাঁর মতামত জানার সুযোগ না দিয়ে আদালত কীভাবে দুই দোষীর সাজা স্থগিত করতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিলকিস বানো। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সুপ্রিম কোর্টের এই নির্দেশকে তিনি আইনি পথে চ্যালেঞ্জ জানাবেন।