পুবের কলম ওয়েব ডেস্ক: ডায়মন্ড হারবার রোডের দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে উদ্যোগী হলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার চার বিজেপি বিধায়ক। জোকা থেকে সাগর পর্যন্ত রাস্তাটি চার অথবা ছয় লেনে সম্প্রসারণের দাবি জানিয়ে তাঁরা দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ির কাছে একটি প্রস্তাব পেশ করেছেন।
বেহালা (পূর্ব) কেন্দ্রের বিধায়ক শঙ্কর শিকদার, সাতগাছিয়ার বিধায়ক অগ্নিশ্বর নস্কর, ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডা এবং সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে এই প্রস্তাব তুলে ধরেন। বিধায়ক দেবাংশু পাণ্ডা জানিয়েছেন, তাঁদের এই প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি ইতিবাচক সাড়া দিয়েছেন।

শুধু তাই নয়, প্রকল্পটি যাতে দ্রুত বাস্তবায়িত হয়, তার জন্য একটি ডিপিআর (ডিটেলড প্রজেক্ট রিপোর্ট) তৈরিরও নির্দেশ দিয়েছেন তিনি।
ডায়মন্ড হারবার এবং সংলগ্ন এলাকার সাধারণ মানুষের মতে, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে জোকা থেকে ডায়মন্ড হারবার হয়ে সাগর পর্যন্ত সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। যানজট থেকে মুক্তির পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে। এর ফলে এলাকার শিল্প, বাণিজ্য এবং পর্যটনের প্রসারের পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের এক নতুন দিগন্ত খুলে যাবে বলে আশা করা হচ্ছে।