পুবের কলম ওয়েবডেস্ক, রাজনৈতিক সংঘাত ও সীমান্ত উত্তেজনার মধ্যেও ভারত-পাকিস্তানের সামনে একটি অভিন্ন সংকট—বায়ুদূষণ। শীত এলেই দিল্লি ও লাহোর ঢেকে যায় বিষাক্ত ধোঁয়াশায়। অথচ এই সমস্যা মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতার উদ্যোগ এখনও দেখা যায়নি। এবার দূষণ নিয়ন্ত্রণে আলোচনার পথ খুলতে ‘ধোঁয়া কূটনীতি’র প্রস্তাব উঠে এল ThePrint-এ প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে।

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত লেখাটির লেখক বান্তিরানি পাত্রোর মতে, ভারত ও পাকিস্তানের শহরগুলি ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে দূষিত নগরগুলির তালিকায় বারবার উঠে এসেছে। শীতকালে দুই দেশেই দূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছয়। কিন্তু সমস্যার সমাধানের বদলে প্রায়ই শুরু হয় একে অন্যের দিকে দায় ঠেলার পালা।

এ সপ্তাহে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভ্যতাগত সংলাপে যোগ দিতে পাকিস্তানের জলবায়ু পরিবর্তনমন্ত্রী নয়াদিল্লি আসছেন।

এই সফরকে দূষণ নিয়ে আলোচনার সুযোগ হিসেবে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন লেখক।

সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পরিবেশমন্ত্রী লাহোরের দূষণের জন্য ভারতের দিক থেকে আসা বাতাসকে দায়ী করেছিলেন। ২০২৪ সালেও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ ভারতীয় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে এ বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছিলেন। লেখকের মতে, সীমান্তের দুই পাশের মানুষের স্বার্থে জলবায়ু সহযোগিতাই হতে পারে সংলাপের একটি বাস্তব ক্ষেত্র।