রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে একটি সামরিক পরিবহণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন আরোহী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ১৭ বলে জানানো হলেও পরে তা বেড়ে ১৯ হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ‘এএন-১২’ মডেলের বিমানটি নির্ধারিত উড়ানের সময় কেমেরোভো অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় ভেঙে পড়ে। বিমানটিতে ক্রুসহ মোট ১৯ জন ছিলেন।

তাঁদের কেউই বেঁচে নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।

প্রাথমিক তদন্তে বিমানটির কারিগরি ত্রুটিকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ঠিক কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

রুশ সংবাদমাধ্যম ‘ইজভেস্তিয়া’ জানিয়েছে, আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি ভেঙে পড়ে। এক প্রত্যক্ষদর্শীর বয়ান উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আকাশে থাকাকালীন বিমানটিতে আগুন ধরে যায়।

এরপর সেটি দ্রুত নিচের দিকে নেমে এসে মাটিতে আছড়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটে।

কেমেরোভো অঞ্চলের গভর্নর ইলিয়া সেরেদিউক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দুর্ঘটনার খবর নিশ্চিত করেন। তিনি জানান, ইয়াগুনোভো এলাকায় বিমান দুর্ঘটনা ঘটেছে এবং তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। পরে একটি ভিডিও বার্তায় তিনি জানান, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি ওই অঞ্চলের আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে রুশ প্রশাসন।