পুবের কলম ওয়েব ডেস্ক: ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিরোধীদের তোলা অভিযোগ নস্যাৎ করে আগামী ২৬ নভেম্বর সংবিধান দিবসে মহামিছিলের ডাক দিল বিজেপি।
সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন ভোটারদের নাম কাটছে বলে অভিযোগ তোলে বিরোধীরা। এমনকি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগেরও দাবি জানানো হয়। তাদের আরও অভিযোগ, শাসকদল সংবিধান না মেনে নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে। এবার এই অভিযোগগুলিকে 'মিথ্যাচার ও অপপ্রচার' আখ্যা দিয়ে তার প্রতিবাদেই পথে নামতে চলেছে গেরুয়া শিবির।


বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবিধান দিবসের দিন কলকাতা-সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল ও প্রচার অভিযান চালানো হবে। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ বৃদ্ধির পরিকল্পনাও নিয়েছে দল। বিরোধীরাই যে সংবিধান মানছে না এবং মিথ্যা প্রচার করছে, জনমানসে সেই বার্তা তুলে ধরাই বিজেপির এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য। সামনেই রাজ্যের বিভিন্ন পুরসভা ও পুরনিগম নির্বাচন, এরপর পঞ্চায়েত ও ২০২৯ সালের লোকসভা নির্বাচন। আর সেই কারণেই এসআইআর-সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের পালটা জবাব দিতে বিজেপি এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।